
কলকাতা, ১৮ অক্টোবর (হি. স. ) : কলকাতায় চোরবাগান সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হওয়ার ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিহত ও আহতদের জন্য বিশেষ ক্ষতিপূরণ ও পদক্ষেপ ঘোষণা করেছেন। এ নিয়ে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুভেন্দুবাবুর ঘোষণা, প্রতিটি মৃত ব্যক্তির পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং একটি গ্রুপ-ডি সরকারি চাকরি দেওয়া হবে। আহত প্রত্যেককে ৫ লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হবে।
এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন,
২৫ লাখ ও একটি সরকারি চাকরি
এটা এতো জলদি ঘোষণা কেনো? ভিকটিমদের মুখ জলদি বন্ধ করার জন্য?
মমতা ব্যানার্জী ও তার সরকার ১০ লাখ দিতে চেয়েছিলো বলে সমালোচনা করেছিলো বাম বিজেপি কিন্তু আজ বিজেপি সরকারে থেকে সেই টাকা দিয়েই ক্ষতি পূরণ দিচ্ছে ২৪ ঘণ্টার আগে। বাংলার ডাক্তার ও অন্যান্য বুদ্ধিজীবীদের মুখ বন্ধ?
প্রসঙ্গত, আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন কাণ্ডে ক্ষতিপূরণ নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মৃত চিকিৎসকের পরিবারের মধ্যে তীব্র বিতর্ক ও মতপার্থক্য তৈরি হয়েছিল:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে তিনি পরিবারের কাউকে সরাসরি কোনও আর্থিক ক্ষতিপূরণ দিতে চাননি। তবে তিনি জানিয়েছিলেন, মেয়ের স্মৃতির উদ্দেশ্যে পরিবার কিছু করতে চাইলে রাজ্য সরকার সহায়তা করবে। এছাড়া তিনি পরে জানান যে ১০ লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়েছিল স্মৃতি রক্ষার কাজের জন্য।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত