
কলকাতা, ১৮ অক্টোবর (হি.স.) :উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন মণ্ডপে মহাসপ্তমীর সন্ধ্যায় ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্টের ঘটনার পর শহরে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করল কলকাতা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চোরবাগান সংলগ্ন তথা বউবাজার থানার অধীন বেশ কিছু এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-র ১৬৩ ধারা জারি করা হয়েছে। রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত টানা তিনদিন এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তা বহাল রাখা হবে বলে জানানো হয়েছে।কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ স্বাক্ষরিত ওই নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে যে, সংশ্লিষ্ট এলাকায় একসঙ্গে পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত বা বেআইনি কার্যকলাপ সম্পূর্ণ নিষিদ্ধ। নির্দেশ অমান্য করে কেউ আইন অমান্য করলে বা জমায়েতের চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। দুর্গাপূজার মণ্ডপে প্রতিমা দর্শনের সময় ভিড়ের চাপে এই মর্মান্তিক দুর্ঘটনার পরই প্রশাসনের পক্ষ থেকে এই অত্যন্ত কড়া পদক্ষেপ করা হয়েছে। একইসঙ্গে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট পুজো উদ্যোক্তা ও ক্লাব কর্তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক মামলা রুজু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত