
নাটোর (বাংলাদেশ), ২০ অক্টোবর (হি.স.): মঙ্গলবার সকালে বাংলাদেশের নাটোরে একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত ২৫।
বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ওই পথে যান চলাচল বন্ধ রাখা হয়।
দুপুর পর্যন্ত নিহতদের একজনের পরিচয় জানা যায়। তিনি ট্রাকের চালক। তাঁর সঙ্গে থাকা পরিচয় পত্র থেকে নাম-ঠিকানা জানা যায়। বাকিদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় পুলিশ জানিয়েছে, বাসটি যাচ্ছিল বরিশাল থেকে। উল্টো দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। মনে করা হচ্ছে হালকা কুয়াশা থাকায় চালকদের দৃষ্টিভ্রম হয়ে থাকতে পারে।
পুলিশ জানিয়েছে ঘটনাস্থলেই ন'জন মারা যান। বাকিরা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। আহত ২৫ জনের মধ্যে একটি শিশু রয়েছে। আহতদের নাটোর এবং রাজশাহীর হাসপাতালে চিকিৎসা চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত