ইসলামাবাদে ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ মালদ্বীপের রাষ্ট্রপতি মুইজ্জুর
ইসলামাবাদ, ২২ অক্টোবর (হি.স.) : পাকিস্তান সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সঙ্গে শুভচ্ছল পরিবেশে সাক্ষাৎ করলেন মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু। বৃহস্পতিবার ইসলামাবাদে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে দ
প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে পাকিস্তান সেনাপ্রধানের সঙ্গে মুইজ্জুর বৈঠক


ইসলামাবাদ, ২২ অক্টোবর (হি.স.) : পাকিস্তান সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সঙ্গে শুভচ্ছল পরিবেশে সাক্ষাৎ করলেন মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু। বৃহস্পতিবার ইসলামাবাদে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করা, প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বর্তমান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত ও গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, পাকিস্তান ও মালদ্বীপের মধ্যে প্রতিরক্ষা ও সামরিক সম্পর্ককে আরও উচ্চপর্যায়ে নিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছে উভয় পক্ষই। দুই দেশের সামরিক কর্মকর্তাদের মধ্যে পেশাগত আদান-প্রদান উৎসাহিত করা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ আরও কার্যকর করার বিষয় নিয়ে তাঁদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠকে আসিম মুনির এবং রাষ্ট্রপতি মুইজ্জু পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে পাকিস্তানি পক্ষ থেকে দ্বিপাক্ষিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।

এ দিনের বৈঠকে বিশেষ আলোকপাত করা হয় বর্তমান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও অভিন্ন উদ্বেগের বিষয়গুলির ওপর। ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার স্বার্থে নিরবচ্ছিন্ন সংলাপ ও যৌথ সহযোগিতার গুরুত্বের কথা উভয় পক্ষই স্বীকার করে নেয়। সেনাপ্রধান আসিম মুনির জানান, পাকিস্তানের লক্ষ্যই হলো গঠনমূলক আলোচনার মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করা। তিনি বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলিকে আরও সম্প্রসারিত করার তাগিদ দেন।

অন্যদিকে, মালদ্বীপের ভৌগোলিক অবস্থান ও সামুদ্রিক নিরাপত্তার প্রেক্ষাপটে পাকিস্তান সশস্ত্র বাহিনীর পেশাগত দক্ষতা ও আঞ্চলিক শান্তি প্রসারে তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু। সামুদ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় প্রতিরক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে উভয় দেশই একমত পোষণ করেছে।

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande