
রায়পুর, ২২ অক্টোবর (হি.স.) :
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার রায়পুরের লোকভবনের 'ছত্তিশগড় মণ্ডপম'-এ মাতাজি হাসী দেবীর সম্মানে দুইশত (২০০) টাকার একটি বিশেষ স্মারক মুদ্রা উন্মোচন করেন। একই সঙ্গে প্রকাশিত হয় একটি বিশেষ স্মারক ডাকটিকিটও। অনুষ্ঠানে ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকা এবং মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শদানী দরবার রায়পুরের পঞ্চম পীঠাধীশ মাতা সাহিব হাসী দেবীর ২০০তম জন্মজয়ন্তী উপলক্ষে ভারত সরকার এই বিশেষ ২০০ টাকার স্মারক মুদ্রা ও ডাকটিকিট প্রকাশ করে। সিন্ধি সম্প্রদায়ের এই মহীয়সী ব্যক্তিত্বের সম্মানে স্মারক মুদ্রা প্রকাশ পাওয়াকে সমাজ তথা দেশের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত বলে গণ্য করা হচ্ছে। দেশ-বিদেশে বসবাসকারী কোটি কোটি সিন্ধি মানুষের জন্য এটি অত্যন্ত গর্বের বিষয়। স্মারক মুদ্রা উন্মোচনের পর ভক্ত ও মুদ্রা সংগ্রাহকরা শদানী দরবারের বিভিন্ন শাখার মাধ্যমে এটি বুকিং করতে পারবেন।
উল্লেখ্য, ভারত সরকার কর্তৃক জারিকৃত এই বিশেষ মুদ্রায় মাতা হাসী দেবীর ছবি খোদাই করা রয়েছে। মুদ্রার একপাশে অশোক স্তম্ভের সিংহ চতুর্মুখ এবং ২০০ টাকার মূল্যের অঙ্কিত ছাপ দেওয়া হয়েছে। এই স্মারক মুদ্রার মাধ্যমে তাঁর জীবনের আদর্শ, ভাবনা ও আধ্যাত্মিক অবদানকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন শদানী দরবার রায়পুরের বর্তমান পীঠাধীশ সন্ত ড. যুধিষ্ঠির লাল। এই বিশেষ অনুষ্ঠানে রাজ্যের প্রথম মহিলা রানী ডেকা কাকোটি, সাংসদ ব্রিজমোহন আগরওয়াল, বিধায়ক পুরন্দর মিশ্র, সুনীল সোনি, মোতিলাল সাহু, মুখ্যসচিব বিকাশশীল, পুলিশ মহাপরিদর্শক (ডিজিপি) অরুণ দেব গৌতম, রাজ্যপালের সচিব ড. সি. আর. প্রসন্ন সহ অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিক, শদানী দরবারের সদস্য এবং দেশ-বিদেশ থেকে আসা জন প্রতিনিধি ও সিন্ধি সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি