
সারণ , ২৩ অক্টোবর (হি.স.): বিহারের সারণ শিক্ষক নির্বাচনী ক্ষেত্রের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে কড়া নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রের আশপাশে ২০০ মিটার পর্যন্ত বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। এই নির্বাচনে পাঁচটি জেলার মোট ১০ হাজার ৭৩১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনী লড়াইয়ে রয়েছেন ১৮ জন প্রার্থী।
নির্বাচনী ক্ষেত্রের মোট ভোটারের মধ্যে ৮ হাজার ৮৭৭ জন পুরুষ এবং ১ হাজার ৮৫৪ জন মহিলা। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পাঁচটি জেলায় মোট ৯৮টি ভোটকেন্দ্র তৈরি করা হয়েছে। তার মধ্যে সারণে ২০টি, সিওয়ানে ১৯টি, গোপালগঞ্জে ১৪টি, পূর্ব চম্পারণে ২৭টি এবং পশ্চিম চম্পারণে ১৮টি কেন্দ্র রয়েছে।
১৮ জন প্রার্থীর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে এই ভোটের মাধ্যমে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্যালট বাক্সে বন্দি থাকবে প্রার্থীদের ভাগ্য। নির্বাচন পরিচালনা এবং নিরাপত্তা বজায় রাখতে সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকেরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।
ভোটারদের কোনও অসুবিধা হলে বা সহায়তার প্রয়োজন পড়লে যোগাযোগের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নিয়ন্ত্রণকক্ষ চালু রাখা হয়েছে। এর ফোন নম্বর ০৬১৫২-২৪২৪৪৪। ভোটগ্রহণ শেষে সমস্ত নির্বাচনী সামগ্রী ছাপরার সারনস্থ সরকারি কন্যা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নির্দিষ্ট স্ট্রংরুমে নিরাপদে জমা রাখা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য