
নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও লোকসভার অধ্যক্ষ সোমবার মহর্ষি বাল্মীকি জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স-এ লিখেছেন, মহর্ষি বাল্মীকি রচিত মহাকাব্য 'রামায়ণ' থেকে আমরা খুব সহজেই কর্তব্য, নৈতিকতা, নিঃস্বার্থ কর্ম, পরোপকার, বন্ধুত্ব, ত্যাগ, ন্যায়পরায়ণতা এবং ভক্তির শিক্ষা লাভ করি। এই মহান গ্রন্থের চিরন্তন মূল্যবোধ আমাদের জীবনে গভীর ছাপ ফেলে। আমি কামনা করি, সব দেশবাসী রামায়ণে বর্ণিত আদর্শগুলিকে গ্রহণ করে নিজেদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে নিরন্তর অগ্রগতির পথে এগিয়ে যান।
উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন বলেন, আদিকবি মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণ ভারতীয় সংস্কৃতি এবং সভ্যতার মূল্যবোধের এক অমূল্য সম্পদ। এতে নিহিত সত্য, কর্তব্য, ত্যাগ, করুণা ও ন্যায়পরায়ণতার আদর্শ আজও মানবজাতিকে পথ দেখায়। তাঁর শিক্ষা সকলকে সর্বদা নৈতিক মূল্যবোধ মেনে চলতে এবং একটি সৌহার্দ্যপূর্ণ, সংবেদনশীল ও শক্তিশালী সমাজ গঠনে উদ্বুদ্ধ করে যাবে।
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, মহর্ষি বাল্মীকি রামায়ণের মাধ্যমে সত্য, ন্যায়পরায়ণতা, শ্রদ্ধা, কর্তব্য ও ত্যাগের মতো মূল্যবোধকে জনসমক্ষে পৌঁছে দিয়েছেন। মহর্ষি বাল্মীকির জীবন শেখায় যে আত্মচিন্তা, ভক্তি ও জ্ঞানের মাধ্যমে যেকোনও ব্যক্তি নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তাঁর কর্ম ও চিন্তাভাবনা সর্বদা সকলকে পথপ্রদর্শন করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ