কংগ্রেস এখন পাগলের দল, ১৯৭১ সালের উদাহরণ টেনে আক্রমণ নিশিকান্ত দুবের
নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত পিতাকে নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের আপত্তিকর মন্তব্যের জেরে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। কংগ্রেস মানসিক ভারসাম্য হারিয়েছে এবং গোটা দলটি
নিশিকান্ত দুবে


নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত পিতাকে নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের আপত্তিকর মন্তব্যের জেরে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। কংগ্রেস মানসিক ভারসাম্য হারিয়েছে এবং গোটা দলটি চরম দুর্দশার মধ্যে পড়েছে বলে দাবি করেন তিনি। সোমবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি সাংসদ ১৯৭১ সালের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে বলেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও হেনরি কিসিঞ্জার তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে অত্যন্ত কটু ও অপমানজনক ভাষা ব্যবহার করেছিলেন। সেই সময় অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে লালকৃষ্ণ আডবানীর মতো বিরোধী নেতারা দেশের সংসদের ভেতরে ইন্দিরা গান্ধীর পাশে দাঁড়িয়ে তাঁকে সমর্থন করেছিলেন। কারণ তিনি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কোনও আপত্তিকর মন্তব্য বরদাস্ত না করার সেই রাজনৈতিক ঐতিহ্য ও শালীনতা বিরোধীরা বজায় রেখেছিলেন।

কংগ্রেস নেতৃত্বের মানসিকতা নিয়ে আক্রমণ শানিয়ে নিশিকান্ত দুবে বলেন, একটার পর একটা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর কংগ্রেস আজও সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি। তারা বুঝতে পেরেছে যে আগামী ১০ থেকে ২০ বছর তাদের বিরোধী আসনেই বসে থাকতে হবে। সেই হতাশা থেকেই তারা এই ধরনের কুরুচিকর আক্রমণ চালাচ্ছে।

কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে নিশানা করে তিনি আরও মন্তব্য করেন, বর্তমান কংগ্রেস কার্যত একটি ‘পাগলের দলে’ পরিণত হয়েছে এবং মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে রাহুল গান্ধী— গোটা নেতৃত্বই এখন সেই মানসিকতা নিয়ে চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande