
বিশাখাপত্তনম, ২৬ অক্টোবর (হি.স.): বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর সম্ভাব্য তাণ্ডব মোকাবিলায় অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলাজুড়ে যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি শুরু করেছে স্থানীয় প্রশাসন। সোমবার বিশাখাপত্তনমের জেলাশাসক এম. অভিষিক্ত কিশোর সার্বিক প্রশাসনিক প্রস্তুতি এবং জরুরি ব্যবস্থাপনার বিস্তারিত রূপরেখা তুলে ধরেন।
জেলাশাসক জানান, ঘূর্ণিঝড় 'অর্ণব' এবং এর তীব্রতার বিষয়ে আমরা আগাম তথ্য পেয়েছি। বিশাখাপত্তনম জেলা প্রশাসন সমস্ত প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করছে, যাতে সাধারণ মানুষের কোনও প্রাণহানি না ঘটে এবং নাগরিকদের ন্যূনতম সমস্যায় পড়তে হয়। আমরা ভারতীয় নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীকে সতর্ক অবস্থায় রেখেছি। যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় জেলায় আরটিএফ ও এসডিআরএফ বাহিনী মোতায়েন করা হয়েছে।
উপকূলবর্তী এলাকার প্রস্তুতি নিয়ে তিনি বলেন, উপকূলীয় সব গ্রামে সাধারণ মানুষকে আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং সজাগ থাকতে বলা হয়েছে। আগামী ২৮ অক্টোবর স্কুল ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সাময়িক বন্ধ রাখার বিষয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আবহাওয়া দফতরের বর্তমান পূর্বাভাস অনুযায়ী আগামী ২৭, ২৮ ও ২৯ অক্টোবর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই এই তিন দিন সমস্ত নাগরিককে অত্যন্ত সতর্ক ও নিরাপদ আশ্রয়ে থাকার জন্য সরকারি তরফে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এ ছাড়া পৌর কর্পোরেশন স্তরে ২৪ ঘণ্টার বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই ঘূর্ণিঝড় মোকাবিলায় আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ