
নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পিতাকে নিশানা করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের আপত্তিকর মন্তব্যের তীব্র সমালোচনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। কংগ্রেস নেতৃত্ব চরম হতাশায় ভুগছে বলে আক্রমণ শানান তিনি। সোমবার দিল্লিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, মল্লিকার্জুন খাড়গে একজন প্রবীণ ও বর্ষীয়ান ব্যক্তিত্ব এবং একটি জাতীয় দলের সভাপতি। তা সত্ত্বেও এই ধরনের মর্যাদাহীন, কুরুচিকর ও অপমানজনক ভাষা ব্যবহার করা কার্যত কংগ্রেসের ঐতিহ্যে পরিণত হয়েছে। কংগ্রেসের সভাপতিরা ধারাবাহিকভাবে দেশের প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারকে নিশানা করে অপমান করার চেষ্টা করে আসছেন।
কংগ্রেস নেতৃত্বের অতীত আচরণের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, দলটি এখন সম্পূর্ণরূপে দেউলিয়া মানসিকতা নিয়ে চলছে। তিনি বলেন, সোনিয়া গান্ধী অতীতে কী ধরনের ভাষা প্রয়োগ করেছিলেন এবং রাহুল গান্ধী কীভাবে প্রতিদিন আক্রমণ চালান, তা সবার জানা। এখন তাদের দলীয় সভাপতির মধ্যেও একই ধরনের মানসিকতার প্রতিফলন দেখা যাচ্ছে। কংগ্রেসের সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতিই এমন কুরুচিকর মন্তব্যে ভরা। ক্রমাগত নির্বাচন হেরে দলের ভেতরে যে গভীর হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে, তারই বহিঃপ্রকাশ ঘটছে এই ধরনের বক্তব্যে।
কংগ্রেসকে সতর্ক করে বিজেপির সর্বভারতীয় সভাপতি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর দেশের কোটি কোটি মানুষের আশীর্বাদ রয়েছে। তাঁকে অপমান করার চেষ্টা করলে দেশের জনগণ যেমন অতীতে কংগ্রেসকে জবাব দিয়েছে, ভবিষ্যতেও তাদের সেই উপযুক্ত জবাবই দেবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ