
নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি স)। প্রতীক-যুদ্ধে সুপ্রিম কোর্টে আরও সময় পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ও ঋতব্রত-তৃণমূল গোষ্ঠী।
গণতান্ত্রিক তৃণমূলকে দলীয় পরিচয় ও প্রতীকের দাবিতে নিজেদের অবস্থানের সমর্থনে নথি এবং হলফনামা জমা দেওয়ার জন্য দুপক্ষকেই আরও ১০দিন সময় দিল সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালত জানিয়ে দিল, হলফনামা পেশের ১০ দিন পরে পাল্টা হলফনামা দিতে পারে মমতা-তৃণমূল। সোমবার ছিল হলফনামা দেওয়ার শেষ দিন। হলফনামা দিতে সুপ্রিম কোর্টে আরও ২ সপ্তাহ সময় চায় ঋতব্রত-গোষ্ঠী। ঋতব্রত গোষ্ঠীকে অতিরিক্ত সময় দেওয়ায় এর বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল গোষ্ঠী।
শুনানিতে তাদের পক্ষে সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য ছিল, ঋতব্রত গোষ্ঠীকে যদি অতিরিক্ত সময় দেওয়া হয়, তাহলে তাঁদেরও পাল্টা বক্তব্য পেশ করার জন্য সময় দিতে হবে।
দুই পক্ষের বক্তব্য শোনার পর দুই গোষ্ঠীকে নথি ও হলফনামা জমা দেওয়ার জন্য অতিরিক্ত ১০ দিন সময় দিয়েছে সুপ্রিম কোর্ট।
সোমবার সকালেই মমতা অনুগামী তৃণমূলের বিরুদ্ধে বড় অভিযোগ আনেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত। তিনি অভিযোগ তোলেন, হরিয়ানা সীমান্ত থেকে নথিপত্র বোঝাই লরি ছিনতাইয়ের চেষ্টা হয়েছে। কুণাল ঘোষ পাল্টা জবাব দেন, ''অবান্তর অভিযোগ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত