
কলকাতা, ২৬ অক্টোবর (হি স)। মর্যাদাপূর্ণ ‘অস্কার ক্লাইন মেডেল ২০২৬’ প্রাপ্তির জন্য অশোক সেনকে অভিনন্দন জানালেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
অগ্নিমিত্রা সোমবার এক্সবার্তায় লিখেছেন, বিশিষ্ট তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অধ্যাপক অশোক সেনকে মর্যাদাপূর্ণ ‘অস্কার ক্লাইন মেডেল ২০২৬’ প্রাপ্তির জন্য আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাই।
তাঁর এই অসাধারণ কৃতিত্ব ভারতীয় বৈজ্ঞানিক গবেষণা ও পাণ্ডিত্যের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হয়ে থাকবে। তাঁর অনন্য অবদান ভবিষ্যৎ প্রজন্মের তরুণ বিজ্ঞানীদের গবেষণা, উদ্ভাবন এবং জ্ঞান অন্বেষণের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করতে থাকবে।
প্রসঙ্গত, ভারতীয় বাঙালি তাত্ত্বিক পদার্থবিদ এবং এলাহাবাদের হরিশ-চন্দ্র গবেষণা ইনস্টিটিউটে বিশিষ্ট অধ্যাপক অশোক সেন এমআইটি'তে মর্নিংস্টার ভিজিটিং প্রফেসর এবং কোরিয়া ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড স্টাডির একজন বিশিষ্ট অধ্যাপক। তাঁর কাজের প্রধান ক্ষেত্রটি হল স্ট্রিং তত্ত্ব। 'সমস্ত স্ট্রিং তত্ত্ব একই অন্তর্নিহিত তত্ত্বের পৃথক সীমা' এই উপলব্ধির পথ উন্মুক্ত করার জন্য তিনি মৌলিক পদার্থবিজ্ঞান পুরস্কার অর্জন করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত