
কোচবিহার, ২৭ অক্টোবর (হি.স.): লোকালয়ে বাইসন ঢুকে পড়ায় চরম আতঙ্ক ছড়িয়েছে কোচবিহার ২ ব্লকের বড়রাংরস এলাকার শিবপুর আটিয়ালগুড়ি গ্রামে। মঙ্গলবার সকালে ওই গ্রামের ঝোপের মধ্যে একটি বাইসনকে ঘোরাফেরা করতে দেখা যায়। আচমকা এমন বন্যপ্রাণী লোকালয়ে ঢুকে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়।
মঙ্গলবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে হঠাৎ করেই ওই গ্রামের একটি ঝোপঝাড়ের মধ্যে বাইসনটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সকালে হঠাৎ জনবসতির মধ্যে বন্যপ্রাণীটিকে দেখতে পেয়ে মুহূর্তের মধ্যে এলাকায় শোরগোল পড়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছান বন দফতরের কর্মীরা। বন দফতর সূত্রে জানা গিয়েছে, বাইসনটিকে নিরাপদে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য জোরকদমে প্রচেষ্টা চালানো হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ