
কলকাতা, ২৭ অক্টোবর (হি.স.): বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে আরও প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে। এই ঘূর্ণিঝড়ের সরাসরি নয়, পরোক্ষ প্রভাব দেখা যাবে পশ্চিমবঙ্গে। উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও আবার ভারী বৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদের জন্য ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার দুপুরের মধ্যে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করবে, বাপতলা ও ইয়ানামের কাছাকাছি এলাকা থেকে স্থলভাগে প্রবেশ করতে পারে। সেই সময় ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার গতিবেগে বইবে দমকা হাওয়া। প্রভাব মূলত বেশি থাকবে অন্ধ্রপ্রদেশে। আবার দক্ষিণ ওড়িশাতেও প্রভাব দেখা যাবে।
পশ্চিমবঙ্গে সরকরি কোনও প্রভাব পড়বে না। ২৭ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। মঙ্গলবার থেকেই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এরপর ২৮ ও ২৯ তারিখ বৃষ্টির পরিমাণ বাড়বে। ওই দু'দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ