
আলিপুরদুয়ার, ২৮ অক্টোবর (হি.স.): ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল একাধিক দোকান। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের টোটোপাড়া মোড়ে। প্রাথমিক তদন্তে অনুমান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই প্রথম আগুন লাগে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোরের দিকে একটি স্টেশনারি দোকানে প্রথম আগুন জ্বলতে দেখা যায়। উক্ত দোকানটিতে বিপুল পরিমাণে আতশবাজি মজুত রাখা ছিল। আগুন লাগার পরপরই সেই আতশবাজিগুলিতে বিস্ফোরণ শুরু হয় এবং তার জেরে আগুন আশেপাশের দোকানগুলিতে দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পাশাপাশি থাকা ৬টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ, অগ্নিকাণ্ডের পরই দ্রুত আগুন নেভানোর জন্য একাধিক দমকল কেন্দ্রে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু বীরপাড়া দমকল কেন্দ্রে সেই মুহূর্তে চালক না থাকায় সেখান থেকে কোনও পরিষেবা পাওয়া যায়নি। খবর দেওয়ার প্রায় ঘণ্টা খানেক পর ফালাকাটা থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়।
তবে দমকল আসার আগেই ৬টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায় বলে অভিযোগ। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় মাদারিহাট থানার পুলিশ। দমকলের পরিষেবা পৌঁছতে অত্যন্ত বিলম্ব হওয়ার কারণে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ