
শিলিগুড়ি, ২৮ অক্টোবর (হি.স.): শিলিগুড়ির শান্তিনগর এলাকায় বুধবার সকালে এক শিক্ষিকার ওপর ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। আহত শিক্ষিকার নাম শিউলি দত্ত।
জানা গেছে, শিক্ষিকা শিউলি দত্ত প্রতিদিনের মতো বুধবার সকালেও বাড়ি থেকে ফুল তোলার জন্য বেরিয়েছিলেন। সেই সময় সজল দাস নামে এক ব্যক্তি তাঁর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। হামলায় ওই শিক্ষিকা গুরুতরভাবে আহত হন। ঘটনার পর অভিযুক্ত নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়েই আশিঘর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু'জনকেই উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে হাসপাতালে দু'জনেরই চিকিৎসা চলছে। শিক্ষিকার ওপর কেন হামলা চালানো হলো, সেই কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনাটি ব্যক্তিগত বিবাদের, নাকি অন্য কোনও কারণ রয়েছে, পুলিশ তা খতিয়ে দেখছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ সবদিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ