
ক্যানিং, ২৮ অক্টোবর (হি. স.): রাতের অন্ধকারে তৃণমূলের বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বোমার বিকট শব্দে কেঁপে উঠল গোটা এলাকা। আচমকা এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামবাসীদের মধ্যে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্ব বিধানসভার জীবনতলা থানার উত্তর পাতিখালী গ্রামে। আক্রান্ত পরিবারের অভিযোগ, পরিকল্পিত ভাবে এলাকায় অশান্তি ছড়াতেই এই হামলা চালানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর পাতিখালী গ্রামের বাসিন্দা তথা তৃণমূলের বুথ সভাপতি আয়ুব আলী সরদারের বাড়ি লক্ষ্য করে বুধবার রাতে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। অভিযোগ, হামলার আগে গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। অন্ধকারের সুযোগ নিয়ে নিজেদের আড়াল করেই দুষ্কৃতীরা এই হামলা চালায় বলে দাবি আক্রান্ত পক্ষের। বোমার বিকট শব্দে রাতের নিস্তব্ধতা ভেঙে যায়। আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। আচমকা এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলেও অভিযোগ তুলেছে আক্রান্ত পক্ষ এবং স্থানীয়দের একাংশ। তাঁদের দাবি, এলাকায় অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যেই বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন এলাকার বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, বিজেপিকে মিথ্যা বদনাম করার চেষ্টা করছে এই তৃণমূল নেতা।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জীবনতলা থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হামলায় কারা জড়িত, কী উদ্দেশ্যে এই বোমাবাজি এবং এর পিছনে কোনও রাজনৈতিক যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা