
ফাজিলকা (পাঞ্জাব), ২৯ অক্টোবর (হি.স.): পঞ্জাবের ফাজিলকা জেলার ঘাটিয়ান ওয়ালি জট্টান গ্রামে মাদকের অতিরিক্ত মাত্রায় এক ১৭ বছর বয়সী কিশোরের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মৃত কিশোরের নাম অভিজোৎ সিং। ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে কিশোরের পরিবার ও স্থানীয় বাসিন্দারা দেহ আটকে রেখে মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ শুরু করেছেন।
মৃত কিশোরের মা হরপ্রীত কৌর অভিযোগ করেন, মাদক ব্যবসায়ীদের চক্রান্তেই তাঁর নাবালক পুত্রের মর্মান্তিক পরিণতি হয়েছে। কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, মাদক বিক্রি ও সরবরাহের সঙ্গে যারা যুক্ত, তাদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ চাই। এর আগে আমার স্বামীর শরীরেও মাদকের বিষাক্ত ইনজেকশন ঢুকিয়ে একইভাবে মেরে ফেলা হয়েছিল। তখনো আমরা বিচার পাইনি। মাদকের বিষে আমাদের পুরো পরিবারটা শেষ হয়ে গেল। যতদিন না দোষীরা গ্রেফতার হচ্ছে এবং আমরা সুবিচার পাচ্ছি, ততদিন আমরা এখান থেকে দেহ সরাতে দেব না।
ঘটনার পরিপ্রেক্ষিতে জালালাবাদ বিভাগের ডিএসপি বি. এস. রণধাওয়া জানান, বলজিন্দর সিংয়ের ১৭ বছর বয়সী পুত্র অভিজোতের মৃত্যুর ঘটনায় পুলিশ তৎপর হয়েছে। মৃতের মায়ের বয়ানের ভিত্তিতে কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করে নির্দিষ্ট ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব হবে। আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ