পাটনায় সব্জি বাজারে বিধ্বংসী আগুন, ভস্মীভূত ৫০টিরও বেশি দোকান
পাটনা, ২৯ অক্টোবর (হি.স.): বিহারের রাজধানী পাটনার রামকৃষ্ণনগর থানা এলাকার খেমনিচকের একটি ব্যস্ত সব্জি বাজারে বৃহস্পতিবার ভোরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে ৫০টিরও বেশি সব্জি ও ফলের দোকান। সর্বস্ব হারিয়ে চরম বিপাকে পড়েছেন
পাটনায় সব্জি বাজারে বিধ্বংসী আগুন, ভস্মীভূত ৫০টিরও বেশি দোকান


পাটনা, ২৯ অক্টোবর (হি.স.): বিহারের রাজধানী পাটনার রামকৃষ্ণনগর থানা এলাকার খেমনিচকের একটি ব্যস্ত সব্জি বাজারে বৃহস্পতিবার ভোরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে ৫০টিরও বেশি সব্জি ও ফলের দোকান। সর্বস্ব হারিয়ে চরম বিপাকে পড়েছেন ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা। তবে কাকভোরে এই অগ্নিকাণ্ড ঘটায় এবং বাজারে ক্রেতাদের ভিড় না থাকায় কোনও প্রাণহানি বা আহতের খবর নেই।

পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর আনুমানিক তিনটে নাগাদ খেমনিচকের সব্জি বাজারের একটি অংশে হঠাৎই আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ ধারণ করে সংলগ্ন বাঁশ, ত্রিপল ও কাঠের অস্থায়ী দোকানগুলিতে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একে একে দমকলের ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে।

কয়েক ঘণ্টার দীর্ঘ প্রচেষ্টার পর দমকলকর্মীরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও, ততক্ষণে বাজারের অন্তত ৫০ থেকে ৬০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। রাতের অন্ধকারে হঠাৎ আগুন লেগে যাওয়ায় বহু ব্যবসায়ী দোকান থেকে তাঁদের মজুত পণ্য বা নগদ অর্থ নিরাপদে বের করার সুযোগটুকুও পাননি। এর ফলে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক অনুমানে মনে করা হচ্ছে।

কী কারণে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের সূত্রপাত, তা এখনও নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ ও দমকল বিভাগ। শর্ট সার্কিট থেকে এই বিপত্তি, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রামকৃষ্ণনগর থানার পুলিশ ও দমকলের বিশেষ দল। অগ্নিকাণ্ডের সামগ্রিক ক্ষয়ক্ষতি নিরূপণে প্রশাসনিক পর্যায়ে প্রক্রিয়া শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande