
রামবন, ৩ অক্টোবর (হি.স.): জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক (এনএইচ-৪৪)-এ সকালে রামবন জেলায় পৃথক দুটি পথ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪৬ জন। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য জিএমসি জম্মুতে পাঠানো হয়েছে।
শনিবার রামবন জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক (এনএইচ-৪৪)-এ ঘটে যাওয়া দুর্ঘটনাগুলির মধ্যে প্রথমটি রামবনের মারোগ এলাকায় টানেল টি-২-এর কাছে ঘটে। একটি যাত্রীবাহী গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে প্রায় ৩৮ জন যাত্রী আহত হন।
এই দুর্ঘটনায় আহতদের উদ্ধারের জন্য যাওয়ার সময় একই এলাকায় কুইক রেসপন্স টিমের (কিউআরটি) গাড়িটিও দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনায় আটজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
প্রথম বাস দুর্ঘটনার ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। গুরুতর আহত অন্যদের উন্নত চিকিৎসার জন্য জিএমসি জম্মুতে পাঠানো হয়েছে। বাকি আহতদের চিকিৎসা চলছে রামবন জেলা হাসপাতালে। রামবন জেলা প্রশাসন নিশ্চিত করেছে, আহতদের সব ধরনের প্রয়োজনীয় সাহায্য ও চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে।
রামবনে ঘটে যাওয়া মর্মান্তিক বাস দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উপরাজ্যপাল মনোজ সিনহা। একটি পোস্টে উপরাজ্যপাল লিখেছেন, “রামবনে ঘটে যাওয়া মর্মান্তিক বাস দুর্ঘটনায় আমি অত্যন্ত দুঃখিত। এই ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আমি রামবনের জেলাশাসকের সঙ্গে কথা বলে নিশ্চিত করেছি যে গুরুতর আহতদের জিএমসি জম্মুতে নিয়ে যাওয়া হবে এবং তাঁদের সর্বোত্তম চিকিৎসা দেওয়া হবে। আমি তাঁদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য