
শিমলা, ৩০ অক্টোবর (হি.স.) : বিনা লাইসেন্সে বাজি বিক্রির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করল হিমাচল প্রদেশের শিমলা জেলার রামপুর থানার পুলিশ। অভিযোগ, নিজের দোকানে বাজি বিক্রি করলেও প্রয়োজনীয় লাইসেন্স বা প্রশাসনিক অনুমতিপত্র দেখাতে পারেননি ওই দোকানদার।শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম হিতেশ কুমার (৩০)। তিনি রামপুরের ডাকোলর গ্রামের বাসিন্দা। পুলিশের বিবরণ অনুযায়ী, গত ২৯ অক্টোবর সন্ধ্যায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পবন কুমার পুলিশকর্মীদের সঙ্গে ভদ্রাশ এলাকায় টহলদারিতে ছিলেন। সেই সময় গোপন সূত্রে খবর আসে, ডাকোলর এলাকায় হিতেশ কুমার কোনও বৈধ লাইসেন্স ছাড়াই বাজি বিক্রি করছেন।খবর পাওয়ার পরই পুলিশকর্মীরা অভিযুক্তের দোকানে পৌঁছে বাজি বিক্রির প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমতিপত্র দেখতে চান। কিন্তু পুলিশকে কোনও বৈধ নথি দেখাতে পারেননি হিতেশ। এরপরই তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। বর্তমানে রামপুর থানার এএসআই পবন কুমার ঘটনার তদন্ত করছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস