বিবাহ পঞ্চমীর আগে জনকপুর-অযোধ্যা রেল পরিষেবা চালুর প্রস্তুতি জোরকদমে
কাঠমান্ডু, ৩০ অক্টোবর (হি. স.) : এই বছর বিবাহ পঞ্চমীর আগে দেবী সীতার জন্মস্থান জনকপুরধাম এবং ভগবান রামের শহর অযোধ্যাকে রেলপথে সংযোগকারী একটি বিশেষ ট্রেন পরিষেবা চালুর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের প্রস্তাব
বিবাহ পঞ্চমীর আগে জনকপুর-অযোধ্যা রেল পরিষেবা চালুর প্রস্তুতি জোরকদমে


কাঠমান্ডু, ৩০ অক্টোবর (হি. স.) : এই বছর বিবাহ পঞ্চমীর আগে দেবী সীতার জন্মস্থান জনকপুরধাম এবং ভগবান রামের শহর অযোধ্যাকে রেলপথে সংযোগকারী একটি বিশেষ ট্রেন পরিষেবা চালুর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের প্রস্তাবিত ভারত সফরকালে উভয় দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে এই বিশেষ ট্রেন পরিষেবাটির উদ্বোধন করবেন।

নেপাল রেলওয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নপেশ পারাজুলি জানিয়েছেন যে, যদিও উদ্বোধনের তারিখ এখনও চূড়ান্ত হয়নি, প্রধানমন্ত্রী শাহের ভারত সফরকালে রেল পরিষেবাটি চালু করার প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রী শাহের ভারত সফর ২৩ নভেম্বর নির্ধারিত রয়েছে। পারাজুলির মতে, রামায়ণ সার্কিটের অংশ হিসেবে জনকপুরধাম থেকে অযোধ্যা পর্যন্ত বিশেষ ট্রেন পরিষেবাটি পরিচালনা করার বিষয়ে আলোচনা চলছে। নেপালের অভ্যন্তরে ট্রেন ও যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে থাকবে নেপালি নিরাপত্তা সংস্থা এবং ভারতের অভ্যন্তরে থাকবে ভারতীয় নিরাপত্তা সংস্থা। এই ব্যবস্থা নিয়ে একটি নীতিগত সমঝোতা হয়েছে।

কিছুদিন আগে, নেপাল ও ভারতের রেল, নিরাপত্তা, শুল্ক এবং অভিবাসন বিভাগের কর্মকর্তাদের একটি যৌথ দল একটি বিশেষ পরিদর্শন যান ব্যবহার করে জয়নগর-জনকপুরধাম-কুরথা রেললাইন সরেজমিনে পরিদর্শন করে। জনকপুরধাম ও অযোধ্যার মধ্যে সরাসরি রেল পরিষেবা চালু হলে দুই দেশের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার হবে এবং ধর্মীয় পর্যটন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

জনকপুরধাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রাক্তন সভাপতি জিতেন্দ্র মহাশেঠের মতে, মাতা সীতার জন্মস্থান জনকপুরধাম এবং ভগবান রামের শহর অযোধ্যাকে সরাসরি রেল পরিষেবার মাধ্যমে সংযুক্ত করা হলে রামায়ণ সার্কিটের অধীনে তীর্থযাত্রী ও ধর্মীয় পর্যটকদের চলাচল সহজ হবে। এই বিশেষ রেল পরিষেবা নেপাল ও ভারতের প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক স্থানগুলির মধ্যে পর্যটনকে উৎসাহিত করার পাশাপাশি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকেও গতিশীল করবে।

বর্তমানে, ভারতের জয়নগর থেকে নেপালের জনকপুরধাম হয়ে মহোত্তারি জেলার বিজলপুরা পর্যন্ত একটি নিয়মিত রেল পরিষেবা চলে৷

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande