
হুগলি, ৩১অক্টোবর (হি.স.)। অর্ণবের প্রভাবে ভেঙে পড়ল মাটির বাড়ি, সরকারি আবাসের অপেক্ষায় অর্চনা
প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার গোঘাটের রঘুবাটি গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার রাত্রে আচমকাই ভেঙে পড়ে অর্চনা ঘোষের মাটির বাড়িটি। বাড়ি ভেঙে পড়ায় চরম বিপাকে পড়েছেন অসহায় অর্চনা ঘোষ।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দেখা দিয়েছে ক্ষোভ। আজ শনিবার সাংবাদিকদের সামনাসামনি হয়ে প্রতিবেশীদের অভিযোগ, এলাকার বহু প্রকৃত উপভোক্তা এখনও সরকারি আবাস যোজনার বাড়ি তৈরির টাকা পাননি। অথচ তাঁদের মাথার উপর থাকা একমাত্র আশ্রয়টুকুও এখন ভেঙে পড়ছে।
অন্যদিকে, বাড়ি ভেঙে পড়ার পর অসহায় অবস্থায় দিন কাটছে অর্চনা ঘোষের। সরকারি আবাস যোজনার অনুদান পেলে নতুন করে মাথা গোঁজার ঠাঁই তৈরি করতে পারবেন তিনি। এখন প্রশাসনের কাছে তাঁর একটাই আবেদন, দ্রুত সরকারি আবাসের ব্যবস্থা করে দেওয়া হোক, যাতে নতুন করে আশ্রয়ের সন্ধান করতে না হয় তাঁকে।
হিন্দুস্থান সমাচার / সন্তোষ সাঁতরা