

হুগলি, ৩১অক্টোবর (হি.স.): আগামী কালীপুজো, ছটপুজো ও জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদে উৎসব উদযাপনের লক্ষ্যে বিশেষ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল আরামবাগ পৌরসভা কার্যালয়ে। শনিবারের এই বৈঠকে উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষের নিরাপত্তা ও নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ, আরামবাগ মহকুমা শাসক খুশ হালি সোলাঙ্কি-সহ প্রশাসনিক আধিকারিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা। কালীপুজো, ছটপুজো এবং জগদ্ধাত্রী পুজো উপলক্ষে শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, যান চলাচল নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং জরুরি নাগরিক পরিষেবা সুনিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
বিশেষ করে ছটপুজো উপলক্ষে বিভিন্ন ঘাটে পুণ্যার্থীদের ভিড়ের কথা মাথায় রেখে নিরাপত্তা ও পরিকাঠামোগত প্রস্তুতির উপর গুরুত্ব দেওয়া হয়। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি ছটপুজোর ঘাটগুলিও পরিদর্শন করা হয়। ঘাটগুলির পরিষ্কার-পরিচ্ছন্নতা, আলোর ব্যবস্থা, নিরাপত্তা এবং পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধা খতিয়ে দেখা হয়।
প্রশাসনের পক্ষ থেকে উৎসবের দিনগুলিতে যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়ার কথা জানানো হয়েছে। সব মিলিয়ে আসন্ন উৎসবগুলিকে কেন্দ্র করে আগাম প্রস্তুতি শুরু করেছে আরামবাগ পৌরসভা ও মহকুমা প্রশাসন। সকলের সহযোগিতায় উৎসবের দিনগুলি আনন্দময়, সুশৃঙ্খল ও নিরাপদ করে তুলতেই এই উদ্যোগ।
হিন্দুস্থান সমাচার / সন্তোষ সাঁতরা