
বাঁকুড়া,৩১ অক্টোবর (হি.স.): রেল লাইনের উপর এক পুলিশ কর্মীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে বাঁকুড়ায়। শুক্রবার বিকেলে বাঁকুড়া শহরের কেঠাররডাঙ্গা রেল ক্রসিংয়ের কাছে রাজ্য পুলিশের ইন্সপেক্টর জয়ন্ত পাল (৪২) এর দেহ উদ্ধার হয় । তিনি বাঁকুড়া পুলিশ লাইন্সের জেলা গোয়েন্দা (ডিআইবি)-তে ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন।গতকাল বিকেলে আরন্যক এক্সপ্রেসের ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে অনুমান। তাঁর বাড়ি ছিল আসানসোল উত্তর থানা এলাকায়। ঘটনার সময় তিনি ছুটিতে ছিলেন বলে জানা গেছে। রেললাইনের পাশ থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
বাঁকুড়া জেলা পুলিশ ঘটনাটিকে অস্বাভাবিক মৃত্যু হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে। রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে, নাকি এটি আত্মহত্যা, তা পুলিশ খতিয়ে দেখছে। বর্তমানে তার মৃত্যুর কারণ নিয়ে রহস্য রয়ে গেছে এবং পুলিশি তদন্তের পরেই প্রকৃত পরিস্থিতি স্পষ্ট হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট