সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ওমর আবদুল্লা
নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (৫৬)। শুক্রবার দিল্লিতে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার সমাজমাধ্যমে নিজেই এই খবরের সত্যতা নিশ্চি
সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ওমর আবদুল্লা


নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (৫৬)। শুক্রবার দিল্লিতে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার সমাজমাধ্যমে নিজেই এই খবরের সত্যতা নিশ্চিত করেন ওমর।

নিজের এক্স হ্যান্ডলে নিধির সঙ্গে ছবি প্রকাশ করে তিনি লেখেন, “গতকাল এক নতুন সফরের সূচনা হল।” ওই পোস্টে নিধি রাজদানকেও ট্যাগ করেন তিনি। নিধিও নিজের এক্স হ্যান্ডলে বিয়ের ছবি ভাগ করে নিয়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, দিল্লিতে বিশেষ বিবাহ আইন (স্পেশাল ম্যারেজ অ্যাক্ট) মেনে অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। আইনি প্রক্রিয়ার সময় দুই পরিবারের সদস্যেরা সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন। বিয়েকে কেন্দ্র করে শ্রীনগর ও নয়াদিল্লিতে কয়েকটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে দুই পরিবারের সদস্য এবং অল্প কয়েক জন ঘনিষ্ঠ আত্মীয় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ওমর আবদুল্লার বাবা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, মা মৌলি আবদুল্লা, তাঁর তিন বোন এবং পরিবারের অন্য ঘনিষ্ঠ সদস্যেরা উপস্থিত ছিলেন। নিধি রাজদানের পরিবারের তরফে উপস্থিত ছিলেন তাঁর বাবা, প্রবীণ সাংবাদিক এম কে রাজদান এবং মা সরলা রাজদান।

উল্লেখ্য, ওমর আবদুল্লার এটি দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রী পায়েলের সঙ্গে দীর্ঘদিন ধরেই তাঁর বিচ্ছেদ হয়েছিল। গত ৩১ জুলাই তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। অন্যদিকে, নিধি রাজদানেরও এটি দ্বিতীয় বিয়ে। দীর্ঘদিন ধরেই দু’জনের সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলছিল। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর সেই জল্পনার অবসান হল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande