
বাঁকুড়া, ৩১ অক্টোবর (হি.স.): ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো রাজ্য পুলিশের জেলা গোয়েন্দা শাখার (ডিআইবি) এক পরিদর্শকের। শুক্রবার সন্ধ্যায় বাঁকুড়া শহরের কেথারডাঙ্গা রেল গেটের কাছে এই ঘটনাটি ঘটে। মৃত পুলিশ আধিকারিকের নাম জয়ন্ত পাল (৪১)। আরণ্যক এক্সপ্রেসের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে। কর্মরত এক পুলিশ আধিকারিকের এ হেন রহস্যজনক মৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জয়ন্ত পাল বাঁকুড়া পুলিশ লাইনে জেলা গোয়েন্দা বিভাগের পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর পৈতৃক বাড়ি আসানসোল উত্তর থানা এলাকায়। প্রায় এক মাস আগেই তিনি বাঁকুড়ায় বদলি হয়ে এসেছিলেন, তবে ঘটনার সময় তিনি ছুটিতে ছিলেন। এর আগে হুগলি জেলার সিঙ্গুর ও চণ্ডীতলা সহ একাধিক গুরুত্বপূর্ণ থানায় তিনি দায়িত্ব সামলেছেন। উল্লেখ্য, চণ্ডীতলা থানায় দায়িত্বে থাকাকালীন এক গুলি চালনার ঘটনা ও ব্যক্তিগত বিবাদের জেরে তাঁকে রাজ্য পুলিশ সাময়িকভাবে বরখাস্তও (সাসপেন্ড) করেছিল।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ (জিআরপি) ও জেলা পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রেক্ষিতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। খবর পাঠানো হয়েছে মৃতের পরিবারকে। বাঁকুড়ার পুলিশ সুপার পিভিজি সতীশ জানান, জয়ন্ত পাল প্রায় এক মাস আগে জেলায় যোগ দিয়েছিলেন এবং বর্তমানে ছুটিতে ছিলেন। তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। সাম্প্রতিক সময়ে তাঁর আচরণে কোনো অস্বাভাবিকতা ছিল কি না কিংবা কারও সঙ্গে তাঁর কোনো শত্রুতা বা বিবাদ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সহকর্মীদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি পরিবারের সদস্যদের বয়ানও রেকর্ড করা হবে। এটি নিছক দুর্ঘটনা, নাকি আত্মহত্যা—উভয় দিক খতিয়ে দেখে জিআরপি ও জেলা পুলিশ যৌথভাবে তদন্ত চালাচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সন্তোষ মধুপ