
কলকাতা, ৪ অক্টোবর (হি.স.): কলকাতার ব্যস্ততম ইএম বাইপাসে একটি চলন্ত গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। চিংড়িহাটা ও সায়েন্স সিটির সংযোগস্থলে মেট্রোপলিটন মোড়ের কাছে চলন্ত গাড়িতে হঠাৎই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। তবে অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি; চালক ও আরোহীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বলে জানা গিয়েছে।
এদিন সকালে সায়েন্স সিটিগামী লেনে দ্রুতগতিতে যাওয়ার সময় আচমকাই চারচাকা গাড়িটির ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এবং মুহূর্তের মধ্যে তা আগুনের গ্রাসে চলে যায়। রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীরা দূর থেকে লেলিহান শিখা দেখতে পেয়েই তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে যান। খবর দেওয়া হয় স্থানীয় প্রগতি ময়দান থানা এবং দমকলে। দমকলের একটি ইঞ্জিন ও পুলিশের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। রবিবার সকালের দিকে রাস্তায় যানবাহনের চাপ কম থাকায় যান চলাচল বড়সড় বিঘ্নিত হয়নি। ইঞ্জিন থেকে শর্ট সার্কিটের জেরেই এই বিপত্তি কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ