
শ্রীনগর, ৪ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা রবিবার শ্রীনগরের শের-ই-কাশ্মীর স্টেডিয়াম পরিদর্শন করেন| জম্মু ও কাশ্মীর বনাম রেস্ট অব ইন্ডিয়া-র মধ্যে চলা ইরানি কাপের চতুর্থ দিনের খেলাও দেখেন তিনি।
প্রসঙ্গত, এই পাঁচ দিনের ম্যাচটি প্রথমবার শ্রীনগরে আয়োজিত হলো। ঐতিহ্যবাহী এই ইরানি কাপ প্রথমবার শ্রীনগরে হওয়ার ফলে বিশেষ বার্তা বহন করছে উপত্যকার বাসিন্দাদের কাছে।
উল্লেখ্য, জম্মু ও কাশ্মীর তাদের দ্বিতীয় ইনিংসে ২৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নামে। যদিও আয়োজক দল জম্মু ও কাশ্মীরের পারফরম্যান্স হতাশাজনক ছিল| ২৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিক জম্মু ও কাশ্মীর দ্বিতীয় সেশনে ২৮.৪ ওভারে মাত্র ১১১ রানে অলআউট হয়ে যায়| ফলে রেস্ট অব ইন্ডিয়া সহজেই চতুর্থ দিনে ১৬৭ রানে জয়লাভ করে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ