
আগরতলা, ৪ অক্টোবর (হি.স.) : রাত পোহালেই টিটিএএডিসি-র ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা। আর তার আগেই নির্বাচনী ফলাফল নিয়ে বড়সড় প্রত্যাশার কথা জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। তাঁর দাবি, ভিলেজ কমিটির নির্বাচনে ৯০ শতাংশের বেশি আসনে জয়ী হবে এনডিএ। একইসঙ্গে নির্বাচনী হিংসার পুরনো সংস্কৃতি থেকে রাজ্যকে বেরিয়ে আসারও আহ্বান জানান তিনি।
রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, দু-একটি ঘটনা বাদ দিলে টিটিএএডিসি-র ভিলেজ কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। নির্বাচনের সময় যে কয়েকটি ছোটখাটো ঘটনা ঘটেছে, সেগুলি না ঘটলেই ভালো হতো বলেও মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, রাজ্যে নির্বাচনী সন্ত্রাসের ইতিহাস বহু পুরনো। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ। তবে এই ধরনের রাজনৈতিক হিংসা ও উত্তেজনার পরিবেশ থেকে রাজ্যকে বেরিয়ে আসতে হবে।
ভিলেজ কমিটির নির্বাচনের ফলাফল প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আত্মবিশ্বাসের সুরে বলেন, ৯০ শতাংশের বেশি আসনে এনডিএ প্রার্থীরা জয়লাভ করবেন বলে তিনি প্রত্যাশা করছেন। নির্বাচনের ফল প্রকাশের আগে তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলেও স্বাভাবিকভাবেই শুরু হয়েছে জল্পনা।
এদিকে আসন্ন আগরতলা পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে বিজেপির প্রচারের অভিমুখ সম্পর্কেও এদিন নিজের বক্তব্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, আগরতলা শহরের প্রতিটি গলিতে উন্নয়নের ছাপ রয়েছে। শহরের বিভিন্ন এলাকায় যে উন্নয়নমূলক কাজ হয়েছে, সাধারণ মানুষ তা প্রত্যক্ষ করছেন বলেও জানান তিনি।
মুখ্যমন্ত্রীর দাবি, শহরের পরিত্যক্ত জলাশয়গুলি পুনরুদ্ধার করে সৌন্দর্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বাড়ি বাড়ি বিদ্যুৎ এবং বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার কাজও হয়েছে। তাঁর মতে, শহরের পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সরকারের অন্যতম বড় সাফল্য।
শহরের উন্নয়ন নিয়ে বিরোধীদের সমালোচনারও জবাব দেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বিরোধীরা আগরতলা শহরে উন্নয়ন হচ্ছে না বলে মিথ্যা প্রচার চালাচ্ছে। এই ধরনের অপপ্রচার করে মানুষের কাছে গিয়ে ভোট চাওয়া সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, জনগণ চোখের সামনে উন্নয়নের কাজ দেখছেন এবং শহরের সার্বিক উন্নয়নে তাঁরা সন্তুষ্ট।
এদিন আগরতলা পুর নিগমের ৪৩ নম্বর ওয়ার্ডের নবনির্মিত কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্য জনপ্রতিনিধি ও বিশিষ্টরা। নতুন কার্যালয়ের মাধ্যমে ওয়ার্ড এলাকার নাগরিক পরিষেবা আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ