পুজোর আগে বারুইপুরে ১০ টাকায় পুরুষদের নতুন পোশাক, ‘সেবা সংকল্প অভিযান’-এ বিজেপির উদ্যোগ
বারুইপুর, ৪ অক্টোবর (হি.স.): দুর্গাপুজোর আগে মাত্র ১০ টাকার বিনিময়ে নতুন পোশাক পেলেন পুরুষেরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ বছরের ‘সেবা সংকল্প অভিযান’-কে সামনে রেখে এক মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি। সেই কর্মসূচির অংশ হিসেবেই রবি
পুজোর আগে বারুইপুরে ১০ টাকায় পুরুষদের নতুন পোশাক, ‘সেবা সংকল্প অভিযান’-এ বিজেপির উদ্যোগ


বারুইপুর, ৪ অক্টোবর (হি.স.): দুর্গাপুজোর আগে মাত্র ১০ টাকার বিনিময়ে নতুন পোশাক পেলেন পুরুষেরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ বছরের ‘সেবা সংকল্প অভিযান’-কে সামনে রেখে এক মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি। সেই কর্মসূচির অংশ হিসেবেই রবিবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে আয়োজন করা হল ১০ টাকায় বস্ত্র বিতরণ কর্মসূচি।

বারুইপুর থানার অন্তর্গত শিবানী পীঠের কাছে একটি কমপ্লেক্সে এই বিশেষ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোরঞ্জন জোয়ারদার। সকাল ১২টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আয়োজকদের দাবি, দুর্গাপুজোর আগে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় এক হাজার মানুষ এই কর্মসূচিতে এসে পোশাক সংগ্রহ করেন। এক মাস বয়সী শিশু থেকে শুরু করে প্রবীণ—পুরুষদের জন্য নতুন পোশাক মাত্র ১০ টাকার বিনিময়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।

এই উদ্যোগে অংশ নিতে আসা সাধারণ মানুষের অনেকেই জানান, পুজোর আগে স্বল্পমূল্যে নতুন পোশাক পাওয়ায় তাঁরা উপকৃত হয়েছেন। আগামী দিনেও এই ধরনের কর্মসূচি আরও বেশি করে আয়োজন করার আবেদন জানান তাঁরা।

অনুষ্ঠানের উদ্যোক্তা বিজেপির রাজ্য কমিটির সদস্য উত্তম কর জানান, বিভিন্ন সংস্থার কাছ থেকে পোশাক সংগ্রহ করার পাশাপাশি কিছু সহৃদয় মানুষের দান করা পোশাকও এই কর্মসূচিতে ব্যবহার করা হয়েছে। তাঁর দাবি, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং পুজোর আনন্দে তাঁদের সামিল করতেই এই উদ্যোগ।

পুজোর মুখে মাত্র ১০ টাকায় নতুন পোশাক পাওয়ার এই উদ্যোগ ঘিরে বারুইপুরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ দেখা যায়।

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande