
জয়সলমির, ৪ অক্টোবর (হি.স.): রাজস্থানের জয়সলমিরের ডেজার্ট ন্যাশনাল পার্কে দুটি পুরুষ গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড পাখিকে প্রকৃতিতে মুক্ত করলেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী ভূপেন্দ্র যাদব। রবিবার এই উপলক্ষে উপস্থিত ছিলেন রাজস্থানের বন ও পরিবেশ প্রতিমন্ত্রী সঞ্জয় শর্মা।
কেন্দ্রীয় মন্ত্রী জানান, রাজস্থানের মরুভূমিতে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ডের অস্তিত্ব পুনরুদ্ধার ও তাদের ফিরিয়ে আনতে প্রায় এক দশক ধরে নিরলস পরিশ্রম করেছেন দেশের বিজ্ঞানী, গবেষক এবং মাঠপর্যায়ের কর্মীরা। তাঁদের দীর্ঘদিনের নিষ্ঠা ও আত্মত্যাগের ফলেই এই যুগান্তকারী সাফল্য অর্জন সম্ভব হয়েছে। পাশাপাশি, এই সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভূপেন্দ্র যাদব লেখেন, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড-সহ দেশের সমস্ত বন্যপ্রাণী সংরক্ষণে আমাদের বৈজ্ঞানিক মহলকে নিরবচ্ছিন্ন দিকনির্দেশনা, উৎসাহ এবং সার্বিক সমর্থন জুগিয়ে যাওয়ার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড হলো রাজস্থানের রাজ্য পাখি। শুধু তা-ই নয়, এটি ভারতীয় উপমহাদেশের অত্যন্ত দুর্লভ এবং বিশ্বের সবচেয়ে ভারী উড়ন্ত ও বিশালাকার স্থলচর পাখির মধ্যে অন্যতম|
প্রসঙ্গত, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড সংরক্ষণ কর্মসূচিটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক এবং রাজস্থানের বন বিভাগ এবং ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়া-র একটি যৌথ উদ্যোগ। এই কর্মসূচিতে কৃত্রিম প্রজনন, আবাসস্থল ব্যবস্থাপনা এবং স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণ জোরদার করার ওপর কাজ করা হচ্ছে। স্যাম এবং রামদেওরা-র গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড প্রজনন কেন্দ্রগুলোতে ৯৭টি এই পাখি রয়েছে। এর মধ্যে ৮৬টি পাখিকে প্রজননের জন্য রাখা হয়েছে, আর ১১টিকে প্রকৃতিতে মুক্ত করার জন্য চিহ্নিত করা হয়েছে। তাঁদের মধ্য দুটি পাখিকে রবিবারে ডেজার্ট ন্যাশনাল পার্কে ছাড়া হয়।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ