
কলকাতা, ৮ অক্টোবর (হি.স.) : বৃহস্পতিবার শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন ধনঞ্জয় ডি সিলভা । তবে, খেলোয়াড় হিসেবে তিনি টেস্ট ফরম্যাটে দেশের প্রতিনিধিত্ব করবেন। শ্রীলঙ্কার নির্বাচক কমিটিকে লেখা এক চিঠিতে ডি সিলভা বলেন, “এটা আমার আন্তরিক মতামত যে, দায়িত্বটা পরবর্তী প্রজন্মের হাতেই যাওয়া উচিত।”
২০২৪ সালের জানুয়ারিতে দিমুথ করুনারত্নের স্থলাভিষিক্ত হওয়া ধনঞ্জয় শ্রীলঙ্কাকে ১৮টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন। তাঁর সময়ে শ্রীলঙ্কা সাতটি ম্যাচ জিতেছে, আটটি ম্যাচে হেরেছে এবং তিনটি ম্যাচ ড্র করেছে। অধিনায়ক হিসেবে তাঁর শেষ সিরিজে শ্রীলঙ্কা দুই ম্যাচের সিরিজে ভারতের কাছে ০-১ ব্যবধানে হেরে যায়।
ব্যাট হাতে ধনঞ্জয় ৩৬.৪৫ গড়ে ১১৩০ রান করেন এবং ৪৪.৪৪ বোলিং গড়ে নয়টি উইকেট নেন। শ্রীলঙ্কা ক্রিকেটের সিইও অ্যাশলি ডি সিলভা ধনঞ্জয়কে তার অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছেন। শ্রীলঙ্কা ক্রিকেট তার বাকি ক্যারিয়ারের জন্য শুভকামনা জানায় এবং আমাদের টেস্ট দলকে দেওয়া নেতৃত্বের জন্য তাকে ধন্যবাদ জানায়।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি