আইনজীবীদের মারধর, ধৃত বিজেপি কর্মীকে ১২ই পর্যন্ত পুলিশি হেফাজতে
কলকাতা, ৮ অক্টোবর (হি.স.) : ব্যাঙ্কশাল আদালতে ডিম ছোড়ার প্রতিবাদ করায় আইনজীবীদের মারধর করার ঘটনায় ধৃত বিজেপি কর্মী কুশল পাণ্ডেকে ১২ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত। অভিযোগ, আদালত চত্বরে আইনজীবীদের একাংশকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়,
আইনজীবীদের মারধর, ধৃত বিজেপি কর্মীকে ১২ই পর্যন্ত পুলিশি হেফাজতে


কলকাতা, ৮ অক্টোবর (হি.স.) : ব্যাঙ্কশাল আদালতে ডিম ছোড়ার প্রতিবাদ করায় আইনজীবীদের মারধর করার ঘটনায় ধৃত বিজেপি কর্মী কুশল পাণ্ডেকে ১২ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত।

অভিযোগ, আদালত চত্বরে আইনজীবীদের একাংশকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, তারপর মারধর করা হয়। সেই ঘটনায় এই বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়।

বুধবার গভীর রাতে হেয়ার স্ট্রিট থানার পুলিশের হাতে গ্রেফতার হন কুশল। বৃহস্পতিবার তাঁকে হেলমেট পরিয়ে আদালতে নিয়ে আসা হয়। আদালত চত্বর জুড়ে ছিল কড়া পুলিশি নিরাপত্তা।

আইনজীবীরা জানান, উকিলদের মারধরের ঘটনায় আরও অনেকে জড়িত। সবে এক জন রাঘব বোয়াল ধরা পড়েছে। বাকিদের ধরার জন্য কুশলকে পুলিশি হেফাজতে নেওয়া প্রয়োজন।

কুশলের আইনজীবী না থাকায় তাঁর সঙ্গে কথা বলেন বিচারক।

গোটা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান কুশল। তিনি বলেন, ‘‘উকিলদের সঙ্গে আমার কোনও বিবাদ নেই। আইনজীবীরা সেই সময়ে তাঁদের নির্দিষ্ট পোশাকে না থাকায় ভুল বোঝাবুঝির কারণে এই ঘটনা ঘটে গিয়েছে। আমার গোটা রাজনৈতিক জীবনে এমন কোনও দাগ নেই।’’

কুশল গ্রেফতার হওয়ায় এ দিন থেকে ব্যাঙ্কশাল আদালতের আইনজীবীদের কর্মবিরতি উঠে যায়। এদিনের লালবাজার অভিযানের ডাক প্রত্যাহার করেন আইনজীবীরা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande