
কলকাতা, ৮ অক্টোবর (হি.স.) : বৃহস্পতিবারের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। সময় বেঁধে দিয়েছিল বিকেল সাড়ে ৩টে। কিন্তু বৃহস্পতিবার তার পরেও স্বর্ণ ব্যবসায়ীর খুনে অভিযুক্ত প্রশান্ত আত্মসমর্পণ করেননি। উল্টে হাই কোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি।
৬ অক্টোবর, মঙ্গলবার হাই কোর্ট বলেছিল, প্রশান্ত বর্মনকে পরের ৪৮ ঘণ্টার মধ্যে ধরা দিতে হবে। তা না করে ইতিমধ্যেই শীর্ষ আদালতে অপসারিত বিডিও মামলা দায়ের করেছেন। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।
রাজ্যকে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার নির্দেশ দিয়েছিল, ৪৮ ঘণ্টা পার হলেই প্রশান্তের সম্পত্তির তালিকা তৈরি করতে হবে। রাজ্যের উদ্দেশে প্রধান বিচারপতি বলেছিলেন, “বেতন বন্ধ করুন। কেন এত দিন পালিয়ে আছেন? সম্পত্তি বাজেয়াপ্ত করছেন না কেন? একজন সরকারি আধিকারিক এত দিন ধরে পালিয়ে আছেন? সুপ্রিম কোর্টকেই পাত্তা দিচ্ছেন না, হাই কোর্টকে কী দেবেন? সুপ্রিম কোর্টের প্রতি কোনও সম্মান নেই।”
কিন্তু তার পরেও প্রশান্ত ধরা দেননি। উল্টে মামলা করেছেন সুপ্রিম কোর্টে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত