শিখ নিধনের স্মরণে বিজেপি; দিল্লিতে গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও পদযাত্রা
নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.): ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গায় নিহত শিখ সম্প্রদায়ের মানুষের প্রতি শ্রদ্ধা ও ন্যায়বিচারের দাবিতে রাজধানীতে এক বিশাল প্রতিবাদী পদযাত্রায় অংশ নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। রবিবার দিল্লি প্রদেশ বিজেপির ডাকে আ
শিখ নিধনের স্মরণে বিজেপি, দিল্লিতে গণতন্ত্র বাঁচাও, নৈরাজ্য হটাও পদযাত্রা


নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.): ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গায় নিহত শিখ সম্প্রদায়ের মানুষের প্রতি শ্রদ্ধা ও ন্যায়বিচারের দাবিতে রাজধানীতে এক বিশাল প্রতিবাদী পদযাত্রায় অংশ নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। রবিবার দিল্লি প্রদেশ বিজেপির ডাকে আয়োজিত এই 'গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও' মিছিলে তাঁর সঙ্গে পা মেলান দিল্লি প্রদেশ বিজেপি সভাপতি হর্ষ মালহোত্রা এবং দলের শীর্ষ নেতৃত্ব।

দাঙ্গার শিকার হওয়া নিরীহ শহিদদের স্মরণে এবং ঘটনার প্রতিবাদ জানাতে মিছিলে অংশ নেওয়া মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, রাজ্য সভাপতি সহ সমস্ত দলীয় নেতাকর্মীদের মাথায় কালো পট্টি বাঁধা ছিল। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর ও পরবর্তী দিনগুলিতে দেশজুড়ে শিখদের ওপর সংগঠিত নৃশংস গণহত্যার ভয়াবহতাকে স্মরণ করিয়ে দিয়ে মৌন ও দৃঢ় সংকল্পের বার্তা দেন বিজেপি নেতৃত্ব।

পদযাত্রা থেকে কংগ্রেসের অতীত ভূমিকার তীব্র সমালোচনা করে নেতারা অভিযোগ করেন, বছরের পর বছর ধরে সেই গণহত্যার ক্ষত মুছে ফেলার এবং অপরাধীদের আড়াল করার চেষ্টা চালানো হয়েছে। দেশে কোনোভাবেই সেই ধরনের রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় পুষ্ট হিংসা ও অরাজকতা বরদাস্ত করা হবে না বলে বার্তা দেওয়া হয়। দিল্লির বুকে আইন-শৃঙ্খলা বজায় রাখা, গণতান্ত্রিক অধিকার সুরক্ষা এবং প্রতিটি ভুক্তভোগী পরিবারের পূর্ণ পুনর্বাসন ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতেই এই প্রতিবাদী কর্মসূচি সংগঠিত করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ও প্রদেশ নেতৃত্ব।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande