
নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.): দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত 'ইন্ডি' জোটের মেগা সমাবেশকে কেন্দ্র করে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ শানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কনট প্লেস হয়ে রামলীলা ময়দানের প্রতিবাদ মিছিলে যোগ দিতে যাওয়ার পথে তিনি অভিযোগ করেন, বিজেপি জোর করে রাজধানীর কনট প্লেসের সমস্ত দোকানপাট বন্ধ করে দিয়েছে।
রবিবার রামলীলা ময়দানে যাওয়ার পথে একটি ভিডিও বার্তায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, আমরা সবাইকে বলেছিলাম যে যখন আপনারা এই মিছিল ও মহার্যালিতে আসবেন, তখন দিল্লির বাজার থেকে জিনিসপত্র কিনবেন, কেনাকাটা করবেন। কিন্তু এখানে কনট প্লেসে আসার পর আমরা জানতে পারলাম যে বিজেপি জোর করে প্রতিটি দোকান বন্ধ করিয়ে দিয়েছে।
বিজেপিকে কাঠগড়ায় তুলে তিনি আরও বলেন, ফলে এখন আপনাদের স্পষ্ট জানা উচিত যে ব্যবসায়ীদের আসল ক্ষতিটা কে করছে এবং ঠিক কীভাবে তা করানো হচ্ছে।
উল্লেখ্য, উৎসবের মরশুমে রামলীলা ময়দানে বিরোধী জোটের এই মহা-সমাবেশ আয়োজনের ফলে ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিল দিল্লির ব্যবসায়ী সংগঠনগুলি। তারই প্রেক্ষিতে বিজেপি নেতারা যখন বিরোধীদের কারণে ব্যবসায়ীদের রুটিরুজিতে টান পড়ার অভিযোগ তুলছিলেন, তখন খোদ বিজেপিই জোর করে দোকান বন্ধ রেখে ব্যবসায়ীদের ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে বলে পাল্টা জোরালো দাবি তুললেন রাহুল গান্ধী।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ