
মালদা, ১ নভেম্বর (হি.স.):মালদার উন্নয়নের অন্যতম রূপকার প্রয়াত এ.বি.এ. গণিখান চৌধুরীর শততম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করল মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব। রবিবার, ১ নভেম্বর, ইংরেজবাজার ব্লকের কোতুয়ালিতে তাঁর বাসভবন ও সমাধিস্থলে দিনভর বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতি বছরের মতো এ বছরও সকাল থেকেই কোতুয়ালিতে শ্রদ্ধা নিবেদনের জন্য ভিড় জমান কংগ্রেস নেতা-কর্মী ও অনুরাগীরা। সকালে প্রয়াত নেতার মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান কোতুয়ালি ভবনের সদস্য তথা মালদা জেলা কংগ্রেস সভাপতি ও সাংসদ ইশা খান চৌধুরী, প্রাক্তন সাংসদ মৌসম বেনজির নূর-সহ বিশিষ্ট ব্যক্তিরা। তাঁরাও প্রয়াত নেতার কর্মময় জীবন এবং মালদার উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন।
এ বছর গণিখান চৌধুরীর ১০০তম জন্মবার্ষিকী হওয়ায় বিশেষ গুরুত্ব দিয়ে দিনটি পালন করছে জেলা কংগ্রেস নেতৃত্ব। জন্মবার্ষিকী উপলক্ষে জেলা জুড়ে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
শ্রদ্ধা নিবেদন ও স্মরণ অনুষ্ঠানের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে গণিখান চৌধুরীর রাজনৈতিক জীবন, আদর্শ এবং মালদার উন্নয়নে তাঁর অবদান তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়াত এই নেতার জন্মশতবর্ষ ঘিরে কংগ্রেস নেতা-কর্মীদের মধ্যে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়