
হিঙ্গলগঞ্জ, ১ নভেম্বর (হি.স.): শিক্ষিত হয়েও চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন না তিনি। বরং নিজের উদ্যোগে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে নজির গড়ছেন সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের যুবক হাফিজুল সর্দার। গৌড়েশ্বর নদীর পাড়ে হিঙ্গলগঞ্জের চার নম্বর স্যান্ডেলবিল গ্রামে প্রায় ৩৫০টি ভেড়া ও ছাগল নিয়ে গড়ে তুলেছেন নিজের ফার্ম। তাঁর উদ্যোগে ইতিমধ্যেই কর্মসংস্থান হয়েছে চারজনের।
প্রাণী পালন বিষয়ে বিএসসি ডিগ্রিধারী হাফিজুলের স্বপ্ন ছিল একটি মাল্টিপারপাস ফার্ম গড়ে তোলা। নিজের জমি কিনে অল্প কয়েকটি পশু দিয়ে শুরু করেছিলেন ব্যবসা। বর্তমানে ফার্মে ভেড়া ও ছাগলের সংখ্যা প্রায় ৩৫০। আগামী দিনে তা বাড়িয়ে এক হাজারে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।
কাজের দক্ষতা বাড়াতে হায়দরাবাদের একটি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। পাশাপাশি প্রাণী চিকিৎসার উপর ডিপ্লোমা করেছেন। পশুদের রোগ, চিকিৎসা ও পরিচর্যার দায়িত্বও নিজেই সামলান।
হাফিজুলের কথায়, চাকরি খোঁজার পরিবর্তে চাকরি তৈরি করাই তাঁর লক্ষ্য। আগামী দিনে আরও ২০-২৫ জনের কর্মসংস্থান করতে চান তিনি। তাঁর এই উদ্যোগ সুন্দরবনের শিক্ষিত বেকার যুবকদের কাছে স্বনির্ভরতার এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়