

মানিকচক, ১ নভেম্বর (হি.স.): আসন্ন কালীপুজো ও ছটপুজোকে কেন্দ্র করে প্রস্তুতি খতিয়ে দেখতে মানিকচকের বিভিন্ন পুজোমণ্ডপ ও ঘাট পরিদর্শন করলেন বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডল-সহ প্রশাসনিক আধিকারিকরা। উপস্থিত ছিলেন বিডিও অভিজিৎ চৌধুরী, মানিকচক থানার আইসি সূর্যদীপ্ত ভট্টাচার্য, সুভাষ যাদব-সহ অন্যান্যরা।
রবিবার প্রথমে মানিকচক যুব সংঘের কালীপুজোর মণ্ডপ পরিদর্শন করেন তাঁরা। সেখানে বেশ কিছু জায়গায় খামতি নজরে আসায় দ্রুত সংস্কারের নির্দেশ দেন প্রশাসনিক আধিকারিকরা। এরপর রুস্তমপুর ঘাট, মানিকচক ঘাট এবং মথুরাপুরের শংকরটোলা ঘাট পরিদর্শন করেন তাঁরা। ছটপুজো উপলক্ষে ঘাটগুলিতে নিরাপত্তা ও পরিকাঠামোগত ব্যবস্থা খতিয়ে দেখেন।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, কালীপুজো ও ছটপুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজ্য সরকারের তরফে সমস্ত রকম প্রশাসনিক সহযোগিতা করা হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, কালীপুজোর মণ্ডপে প্রশাসনিক বিধিনিষেধ মেনে চলার পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। কোথাও কোনও খামতি থাকলে দ্রুত সংস্কারের ব্যবস্থা করতে হবে।
পাশাপাশি ছটপুজো উপলক্ষে প্রতিটি ঘাটে পর্যাপ্ত আলো, নিরাপত্তা ও প্রয়োজনীয় পরিকাঠামোর ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। উৎসবের দিনগুলিতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যেই প্রশাসনের এই আগাম পরিদর্শন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়