
কলকাতা, ১ নভেম্বর (হি.স.): দিল্লির রামলীলা ময়দানে বিরোধী 'ইন্ডি' জোটের মেগা সমাবেশ এবং নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোলা ভোট চুরির অভিযোগ ঘিরে বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ শানালেন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। গণতন্ত্রে বিক্ষোভ দেখানোর অধিকার সবার থাকলেও প্রমাণের অভাবে ভিত্তিহীন অভিযোগ তুলে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।
রবিবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইন্ডি জোটের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, একটি গণতান্ত্রিক দেশে যে কেউ প্রতিবাদ-বিক্ষোভ করতেই পারে। আমাদের সরকার এবং প্রশাসনও তাঁদের এই বিক্ষোভ সমাবেশের পূর্ণ অনুমতি দিয়েছে। কিন্তু আপনারা অভিযোগ করছেন যে ভোট চুরি করা হয়েছে। অন্তত কোনও প্রমাণ তো সামনে আনুন! যেভাবে বিরোধীরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং নৈরাজ্য কায়েম করতে চাইছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
রাস্তায় আন্দোলনের মাধ্যমে ক্ষমতার পটপরিবর্তনের চেষ্টার কড়া সমালোচনা করে সুকান্ত মজুমদার বলেন, কে দেশের প্রধানমন্ত্রী হবেন, সেই সিদ্ধান্ত রাজপথে বা আন্দোলনের মাধ্যমে ঠিক হতে পারে না। একই সঙ্গে কংগ্রেসের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও যোগ করেন, আমি অবাক হচ্ছি এটা দেখে যে কংগ্রেসের মতো একটি দল, যা একসময় নিজেকে জাতীয়তাবাদী দল হিসেবে দাবি করত, তারা এখন এমন সব শক্তির সঙ্গে হাত মিলিয়েছে যারা এদেশে সরকার পরিবর্তনের জন্য বাংলাদেশকে নিজেদের অনুপ্রেরণা বলে মনে করে।
বিরোধী দলগুলি সুস্থ গণতান্ত্রিক পথ ছেড়ে জনমানসে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং দেশে চরম বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে দাবি করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ