
কলকাতা, ১২ নভেম্বর (হি.স.) :বৃহস্পতিবার অকল্যান্ডে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নিউজিল্যান্ড ভারতকে পাঁচ গোলে বিধ্বস্ত করেছে।
শুরুতেই একটি পাল্টা আক্রমণ থেকে অল হোয়াইটস গোল করে এগিয়ে যায়। র্যান্ডালের পেনাল্টি বক্স থেকে নেওয়া কাটব্যাকটি বিজয় ভার্গিসের গায়ে লেগে ভারতের জালে জড়িয়ে যায়। র্যান্ডাল ভারতীয় রক্ষণভাগকে সমস্যায় ফেলতে থাকেন এবং এই গোলের পর ১০ মিনিটের মধ্যে আরও দুটি গোল করেন।
বিরতির পর নিউজিল্যান্ডের অধিনায়ক উড গোল করে এই মরসুমে তার গোলখরা কাটান। ৫৭ মিনিটে ক্যালান এলিয়টের ক্রস থেকে তিনি বল জালে জড়ান। সেপ্টেম্বর ২০২৫-এর পর জাতীয় দলের হয়ে এটি ছিল তার প্রথম গোল, যখন তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-৩ গোলে হেরে যাওয়া ম্যাচে গোল করেছিলেন।
সফরকারীদের জন্য রাতটা আরও খারাপের দিকে মোড় নেয় যখন লিয়াম গিলিয়নের ক্রস থেকে বল পান ল্যাকলান বেলিস এবং তিনি একটি দুর্দান্ত হাফ-ভলি শটে গোল করে স্কোর ৫-০ করেন।
গত মাসে উরুগুয়ের বিপক্ষে ভারত ছয়টি গোল হজম করেছিল, এবং এবারও একই রকম স্কোর হতে চলেছিল। যখন বক্সের মধ্যে ম্যাথিউ শেরিডানের গায়ে হাত লাগালেন আকাশ মিশ্র। ফলে পেনাল্টি পায় নিউজিল্যান্ড। ১৭ মাস পর প্রথম একাদশে ফেরা বিশাল কাইথ, বিল টুইলোমারের দুর্দান্ত এক শট সেভ করে ষষ্ঠ গোলটি রুখে দেন।
এই পরাজয়ের ফলে প্রধান কোচ হিসেবে খালিদ জামিলের বাজে ফর্ম আরও দীর্ঘায়িত হলো , কারণ ব্লু টাইগার্স তাদের শেষ দুই ম্যাচে মাত্র একটি গোল করে ১১টি গোল হজম করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি