উৎকৃষ্ট কাজের স্বীকৃতি: মধ্যপ্রদেশের একলব্য মডেল আবাসিক বিদ্যালয় ও জনজাতি কল্যাণ দপ্তরকে সম্মানিত করলেন রাষ্ট্রপতি
ভোপাল, ১২ নভেম্বর (হি.স.) : একলব্য মডেল আবাসিক বিদ্যালয়গুলির পরিচালনায় উৎকর্ষ ও উল্লেখযোগ্য অবদানের জন্য মধ্যপ্রদেশ সরকারের জনজাতি কল্যাণ দপ্তর এবং মান্ডলা জেলার একলব্য মডেল আবাসিক বিদ্যালয়কে জাতীয় স্তরে সম্মানিত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্
মধ্যপ্রদেশের একলব্য মডেল আবাসিক বিদ্যালয় ও জনজাতি কল্যাণ দপ্তরকে


ভোপাল, ১২ নভেম্বর (হি.স.) :

একলব্য মডেল আবাসিক বিদ্যালয়গুলির পরিচালনায় উৎকর্ষ ও উল্লেখযোগ্য অবদানের জন্য মধ্যপ্রদেশ সরকারের জনজাতি কল্যাণ দপ্তর এবং মান্ডলা জেলার একলব্য মডেল আবাসিক বিদ্যালয়কে জাতীয় স্তরে সম্মানিত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের প্রধান সচিব গুলশন বামরা রাষ্ট্রপতির হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন।

ভারত সরকারের জনজাতি বিষয়ক মন্ত্রকের মূল্যায়নের ভিত্তিতে রাজ্যের একলব্য বিদ্যালয়গুলিতে গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রদান এবং প্রাতিষ্ঠানিক পরিকাঠামো উন্নয়নে বিশেষ ভূমিকার জন্য 'মধ্যপ্রদেশ স্পেশাল অ্যান্ড রেসিডেন্সিয়াল অ্যাকাডেমিক সোসাইটি' (এমপি সরস)-কে এই সম্মানে ভূষিত করা হয়েছে। পুরস্কার প্রদানের পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একলব্য বিদ্যালয়গুলির মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ও করেন।

অন্যদিকে, জাতীয় স্তরে দেশের অন্যতম শ্রেষ্ঠ একলব্য বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে মান্ডলার একলব্য মডেল আবাসিক বিদ্যালয়। মান্ডলার জেলাশাসক তথা ওই বিদ্যালয়ের সভাপতি রাহুল নামদেব ধোটে এবং বিদ্যালয়ের অধ্যক্ষা রীনা যৌথভাবে এই সম্মাননা গ্রহণ করেন।

অনুষ্ঠানে কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী জুয়াল ওঁরাও, প্রতিমন্ত্রী দুর্গাদাস উইকে, মন্ত্রকের সচিব রঞ্জনা চোপড়া, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত একলব্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং মেধাবী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জনসংযোগ আধিকারিক রাজেশ ব্যান জানিয়েছেন, কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রকের উদ্যোগে ‘জনজাতি গৌরব পক্ষ’-এর অঙ্গ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উল্লেখ্য, বীরসা মুণ্ডার জন্মজয়ন্তী উপলক্ষে প্রতি বছর সারা দেশে এই বিশেষ পক্ষ উদযাপিত হয়।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande