
মুম্বই, ১২ নভেম্বর (হি.স.): নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিতে কৈকেয়ীর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী লারা দত্ত। তাঁর চরিত্রের পোশাক নিয়ে সমাজ মাধ্যমে যে সমালোচনার ঝড় উঠেছিল, তাঁর জবাব দিলেন অভিনেত্রী স্বয়ং । ছবিটির ট্রেলার মুক্তি পাওয়ার পর নেটিজেনরা তাঁর পোশাককে বড্ড আধুনিক বলে মন্তব্য করেছিল। ছবি মুক্তির পর লারা বলেন , দর্শকদের নিজেদের মতামত প্রকাশ করার পূর্ণ অধিকার রয়েছে, তবে চলচ্চিত্রে পোশাকের নির্বাচন একটি নির্দিষ্ট চিন্তা ও উদ্দেশ্য মাথায় রেখেই করা হয়েছিল।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে লারা জানান, কৈকেয়ী যেহেতু কৈকেয় রাজ্য থেকে এসেছিলেন, তাই তাঁর গয়না ও পোশাক অন্য দুই রানি কৌশল্যা ও সুমিত্রার থেকে আলাদা হওয়াই স্বাভাবিক। তিনি প্রশ্ন তোলেন, কৈকেয়ী কি নিজের রাজ্যের ঐতিহ্য ও স্ত্রী-ধন সঙ্গে নিয়ে অযোধ্যায় আসেননি? অভিনেত্রীর মতে, চলচ্চিত্রে মিথিলা, অযোধ্যা এবং লঙ্কার সংস্কৃতির মধ্যে পার্থক্য ফুটিয়ে তোলার জন্য পোশাকের একটি নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করা হয়েছিল। তিনি বলেন, ছোটখাটো বিষয় নিয়ে সমালোচনা করলে নানা ধরনের বিতর্কের জন্ম হতে পারে, তাই নির্মাতারা নিজেদের ভাবনা অনুযায়ী উপস্থাপনা তৈরি করেছেন।
তিনিও আরও বলেন , একজন শিল্পী হিসেবে পরিচালক ও প্রযোজকের দৃষ্টিভঙ্গিকে সম্মান করা অত্যন্ত জরুরি। তিনি ছবিটির চূড়ান্ত ফলাফল নিয়ে নিজের উৎসাহও প্রকাশ করেন এবং জানান, সেটে কাজ করা সত্ত্বেও পর্দায় সম্পূর্ণ ছবিটা দেখে তিনি নিজেই অবাক হয়ে গিয়েছিলেন। অভিনেত্রী স্বীকার করেছেন , দর্শকদের আলোচনা ও বিতর্ক করার পূর্ণ অধিকার রয়েছে। তাঁর মতে, কাজের সময় শিল্পীকে সবসময় চলচ্চিত্র নির্মাতাদের দৃষ্টিভঙ্গি মেনেই চলতে হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক