
যোধপুর, ১৪ নভেম্বর (হি.স.) : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) শতবর্ষ উদযাপন উপলক্ষে যোধপুরে প্রথমবারের মতো আয়োজিত চার দিনব্যাপী ‘মরু নিনাদ’ শিবিরের অঙ্গ হিসেবে শনিবার শহরে তিনটি পৃথক রুট থেকে বিশাল পথ সঞ্চলন বের করা হয়। এই কর্মসূচিতে পাঁচ হাজারেরও বেশি স্বয়ংসেবক অংশগ্রহণ করেন। শহরবাসীরা রাস্তার দু’ধারে দাঁড়িয়ে পুষ্পবৃষ্টি করে সঞ্চলনকে উষ্ণ অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে স্বয়ং সঙ্ঘের সরসঙ্ঘচালক ডঃ মোহন ভাগবত উপস্থিত ছিলেন। তিনি জালোরি গেটে পৌঁছে পথ সঞ্চলন পরিদর্শন করেন।
নির্ধারিত সূচি অনুযায়ী, শনিবার বিকেল ৪টে নাগাদ ঘোষ সঞ্চলন শুরু হয়। তিনটি নির্দিষ্ট রুট থেকে একযোগে যাত্রা শুরু করে প্রায় ৫০ মিনিটের মধ্যে সঞ্চলনগুলি নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছায়। প্রথম সঞ্চলনটি সুমের স্কুল থেকে শুরু হয়ে পাওটা চৌরাস্তা এবং কাছারির সামনে দিয়ে গিয়ে উম্মেদ স্টেডিয়ামে পৌঁছায়। দ্বিতীয় সঞ্চলনটি উম্মেদ স্টেডিয়াম থেকে শুরু হয়ে নয়া সড়ক, জালোরি গেট, গোল বিল্ডিং ও বি-রোড হয়ে গান্ধী ময়দানে গিয়ে শেষ হয়। তৃতীয় সঞ্চলনটি গান্ধী ময়দান থেকে জলজোগ চৌরাস্তা, ১২তম রোড এবং আখলিয়া চৌরাস্তা পরিক্রমা করে প্রতাপনগরের আদর্শ বিদ্যামন্দির কেশব পরিসরে পৌঁছে সমাপ্ত হয়।
ঘোষ সঞ্চলনের যাত্রাপথে ব্যবসায়ী মহল, সামাজিক সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে জায়গায় জায়গায় পুষ্পবৃষ্টি করে স্বয়ংসেবকদের স্বাগত জানানো হয়। মহিলারা মঙ্গলকলস নিয়ে মাঙ্গলিক সংগীত পরিবেশন করেন এবং প্রদীপ প্রজ্বলন করে অভিবাদন জানান। শহরের প্রধান মোড়গুলিতে সাধু-সন্তদের উপস্থিতিতে স্বাগত মঞ্চ সাজানো হয়েছিল। সর্বত্র তোরণ, আলপনা ও কার্পেট বিছিয়ে বরণ করে নেওয়া হয় সঞ্চলনকে। পাশাপাশি, দেবদেবী, মনীষী এবং মারওয়াড়ের সন্ত ও বীর-বীরাঙ্গনাদের জীবনভিত্তিক সুসজ্জিত ট্যাবলো বা ঝাঁকিও প্রদর্শিত হয়।
অনুষ্ঠানকে ঘিরে ছোট মেয়েদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা যায়; কেউ মা দুর্গা, কেউ ভারতমাতা আবার কেউ মা কালীর বেশে সেজে এসেছিল। এছাড়াও বহু তরুণী অহল্যাবাঈ, রানি লক্ষ্মীবাঈ ও রানি আব্বক্কার সাজে সজ্জিত হয়ে পথ সঞ্চলনকে স্বাগত জানান। জালোরি গেট চৌরাস্তায় বিপুল সংখ্যক মহিলা গেরুয়া পাগড়ি পরে উপস্থিত হয়েছিলেন। সেখানে মহিলাদের পক্ষ থেকে রামায়ণের উত্তরকাণ্ডের চৌপাই পাঠ করা হয়, যেখানে ‘জয় সিয়া রাম’ ধ্বনির সুরে ভগবান রামের রাজ্যাভিষেকের শ্লোক পরিবেশিত হয়।
হিন্দুস্থান সমাচার / সোনালি