
নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি. স.) : আকাশপথে যাত্রী পরিষেবায় স্বস্তি ফিরল। দিল্লি ও মুম্বই থেকে নিউ ইয়র্কগামী সমস্ত উড়ানে ফের সরাসরি পরিষেবা চালু করল এয়ার ইন্ডিয়া। আগে নির্দিষ্ট কিছু আকাশসীমা ব্যবহারে বিধিনিষেধ থাকায় যাত্রাপথে জ্বালানি ভরার জন্য অতিরিক্ত বিরতি নিতে হচ্ছিল বিমানগুলিকে। অতি সম্প্রতি সংশ্লিষ্ট নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরিপ্রেক্ষিতেই ফের বিরতিহীন উড়ান চালু করা সম্ভব হয়েছে।রবিবার এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে যে, এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট রুটে যাত্রীদের সর্বোচ্চ পাঁচ ঘণ্টা পর্যন্ত সময় সাশ্রয় হবে। আগে জ্বালানি ভরার জন্য মাঝপথে থামতে হওয়ায় যে যাত্রায় প্রায় ২২ ঘণ্টা সময় লাগছিল, তা কমে দাঁড়াবে প্রায় ১৭ ঘণ্টায়। এর ফলে ভারত ও নিউ ইয়র্কের মধ্যে যাতায়াত আরও দ্রুত ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে বলে আশা এয়ার ইন্ডিয়ার।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত