
মস্কো, ১৯ নভেম্বর (হি.স.): ক্রিমিয়াকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা সেতুতে ইউক্রেনের হামলার পর কৃষ্ণসাগর ও জ্বালানি পরিকাঠামোয় আক্রমণ বন্ধের কোনও সমঝোতার সম্ভাবনা নাকচ করে দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর হুঁশিয়ারি, সেতুতে হামলার জবাব দেবে রাশিয়া। পাল্টা আঘাতের তীব্রতা ইউক্রেনের হামলার চেয়েও অনেক বেশি হবে বলেও দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার পুতিন জানান, এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো ক্রিমিয়া সেতুকে নিশানা করেছে ইউক্রেন। চিনের শেনঝেনে এপেক শীর্ষ সম্মেলনের ফাঁকে চিন ও আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকের পর এই হামলার ঘটনা ঘটে।
পুতিন জানান, ওই বৈঠকের পর কৃষ্ণসাগর এবং জ্বালানি কেন্দ্রগুলিতে হামলা বন্ধের সম্ভাব্য সমঝোতা নিয়ে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সঙ্গে আলোচনা করেছিলেন তিনি। প্রস্তাবটি নিয়ে আরও ভাবনাচিন্তা করে পরে মতামত জানানোর জন্য সংশ্লিষ্ট পক্ষগুলিকে বলা হয়েছিল। এই বিষয়ে কোনও সমঝোতা হতে পারে বলেও আশা করেছিলেন তিনি।
কিন্তু ক্রিমিয়া সেতুতে হামলার পর সেই সম্ভাবনা আর নেই বলে স্পষ্ট করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। পুতিনের কথায়, “আমরা এই হামলার জবাব দেব। সবাই জেনে রাখুন, কিয়েভ প্রশাসনের সেতুতে হামলার তুলনায় আমাদের পাল্টা আঘাত অনেক বেশি কঠোর হবে।”
ক্রিমিয়া সেতু শুধুমাত্র অসামরিক কাজে ব্যবহার করা হয় বলেও দাবি করেছেন পুতিন। সেতু দিয়ে সামরিক সরঞ্জাম বা পেট্রোলিয়ামজাত পণ্য পরিবহণ করা হয় বলে ইউক্রেন যে অভিযোগ করেছে, তা খারিজ করে দিয়েছেন তিনি।
সেতুটি ফের নির্মাণের কাজ রাশিয়া শুরু করবে বলেও জানিয়েছেন পুতিন। তাঁর দাবি, সেতুর সড়কপথের অংশটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য