

হুগলি, ০২ নভেম্বর (হি.স.) : গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল রেল পুলিশ। ডানকুনি স্টেশন থেকে ৩৮ কেজি গাঁজা-সহ তিন মহিলাকে গ্রেপ্তার করল বেলুড় জিআরপি। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৬ লক্ষ টাকা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, গত ১ নভেম্বর বেলুড় জিআরপির ভারপ্রাপ্ত আধিকারিক সুশান্ত শীলের নেতৃত্বে পুলিশের কাছে খবর আসে, ১২২০৪/১২৩৮৩ নম্বর এসএমবিটি বেঙ্গালুরু-হামসফর এক্সপ্রেসে কয়েকজন ব্যক্তি গাঁজা-সহ নিষিদ্ধ মাদকদ্রব্য নিয়ে যাতায়াত করছে। সেই গোপন সূত্রের খবরের ভিত্তিতে সাদা পোশাকে পুলিশের একটি দল ডানকুনি স্টেশনের ওভারব্রিজের নিচে তল্লাশি অভিযান শুরু করে।
অভিযান চলাকালীন তিন মহিলাকে পিঠের ব্যাগ ও পাশের ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পুলিশের তল্লাশি নজরে আসতেই তাঁরা ব্যাগ রেখে ধীরে ধীরে সরে যাওয়ার চেষ্টা করেন। সন্দেহ হওয়ায় এক মহিলা পুলিশকর্মীর সাহায্যে তিনজনকেই আটক করা হয়।
এরপর তাঁদের সঙ্গে থাকা ব্যাগগুলিতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। মোট ৩৮ কেজি গাঁজা ৩২টি প্যাকেটে ব্রাউন টেপ দিয়ে মুড়ে পিঠের ব্যাগ ও একটি মহিলাদের হাতব্যাগের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল।
পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত তিন মহিলা জানিয়েছেন, তাঁরা নিউ জলপাইগুড়ি থেকে গাঁজা নিয়ে ডানকুনি ও পার্শ্ববর্তী এলাকায় বিক্রির উদ্দেশ্যে এসেছিলেন। এই কাজের জন্য তাঁরা পারিশ্রমিক পেতেন এবং নিজেরাও মাদক বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ। এই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে পুলিশের অভিযানের সময় ভিড়ের সুযোগ নিয়ে তারা পালিয়ে যায়।
ধৃত তিন মহিলাকে সোমবার আদালতে পেশ করা হলে তাঁদের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এই মাদক পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত, কোথা থেকে এই বিপুল পরিমাণ গাঁজা আনা হয়েছিল এবং ডানকুনি ও আশপাশের কোন কোন এলাকায় তা সরবরাহের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পলাতক সহযোগীদের সন্ধানেও তল্লাশি শুরু করেছে রেল পুলিশ।
৩৮ কেজি গাঁজা উদ্ধারের এই ঘটনায় ডানকুনি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
হিন্দুস্থান সমাচার / সন্তোষ সাঁতরা