
বিশাখাপত্তনম (অন্ধ্রপ্রদেশ), ২ নভেম্বর (হি.স.): তীব্র ঘূর্ণিঝড় 'মুরাসু' অন্ধ্র উপকূলের কাছাকাছি চলে আসায় বন্দর শহর বিশাখাপত্তনম-সহ সমগ্র উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র চরম উত্তাল রূপ ধারণ করেছে। বিশাখাপত্তনমের উপকূল ঘেঁষে আছড়ে পড়ছে দানবীয় ঢেউ, সেই সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে নেল্লোর এবং নরসাপুরমের মধ্যবর্তী ওঙ্গোলের কাছাকাছি এলাকা দিয়ে তীব্র ঘূর্ণিঝড় হিসেবে এটি উপকূল অতিক্রম (ল্যান্ডফল) করতে চলেছে।
ল্যান্ডফলের সময় উপকূলীয় অঞ্চলে বাতাসের একটানা গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার, যা দমকা হাওয়ার আকারে সর্বোচ্চ ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। উত্তাল সমুদ্র এবং দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে বিশাখাপত্তনম সৈকতে সাধারণ মানুষ ও পর্যটকদের চলাচলে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। সৈকত সংলগ্ন এলাকায় পুলিশ ও উপকূলরক্ষী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে এবং মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।
ঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় বিশাখাপত্তনম সহ অন্ধ্রের উপকূলীয় জেলাগুলিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী-কে যুদ্ধকালীন তৎপরতায় মোতায়েন রাখা হয়েছে। নিচু এলাকাগুলির বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার পাশাপাশি আপৎকালীন পরিষেবা সচল রাখতে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে রাজ্য প্রশাসন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ