
আগরতলা, ২০ নভেম্বর (হি.স.) : আগরতলা পুর নিগমের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনিক তৎপরতা আরও বাড়াল রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই জোরদার করা হচ্ছে প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই লক্ষ্যেই শুক্রবার সন্ধ্যায় পশ্চিম জেলার জেলাশাসকের কার্যালয়ে প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করলেন রাজ্য নির্বাচন কমিশনার ডঃ পি কে চক্রবর্তী।
বৈঠকে মূলত আগরতলা পুর নিগমের আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতির সর্বশেষ পরিস্থিতি, নির্বাচনী এলাকাগুলির আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটগ্রহণ প্রক্রিয়াকে নির্বিঘ্ন রাখার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত আধিকারিকদের কাছ থেকে নির্বাচনী প্রস্তুতির খুঁটিনাটি বিষয় সম্পর্কে অবহিত হন রাজ্য নির্বাচন কমিশনার। পাশাপাশি সম্ভাব্য সমস্যা ও চ্যালেঞ্জগুলি চিহ্নিত করে সেগুলির মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।
এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমার, রাজ্য পুলিশের আইজি (আইনশৃঙ্খলা) মনচাক ইপ্পার, সদর মহকুমা শাসক মানিক লাল দাস, অতিরিক্ত জেলাশাসক (এডিএম), পশ্চিম জেলার পুলিশ সুপার, এসডিপিও, বিভিন্ন থানার ওসি-সহ নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।
বৈঠক শেষে রাজ্য নির্বাচন কমিশনার ডঃ পি কে চক্রবর্তী জানান, আগরতলা পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে সর্বশেষ প্রস্তুতির অবস্থা পর্যালোচনা করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। নির্বাচনের সঙ্গে যুক্ত বিভিন্ন দফতরের আধিকারিকরা তাঁদের নিজ নিজ ক্ষেত্রের প্রস্তুতি এবং মতামত তুলে ধরবেন। সেই সমস্ত বিষয় পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে। তাঁর কথায়, নির্বাচন যাতে সম্পূর্ণ নির্বিঘ্নে, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়, সেটাই কমিশনের প্রধান লক্ষ্য।
অন্যদিকে, রাজ্য পুলিশের আইজি (আইনশৃঙ্খলা) মনচাক ইপ্পার জানান, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া অভিযোগ এবং যেসব এলাকায় অশান্তির আশঙ্কা রয়েছে, সেগুলি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। সম্ভাব্য গোলমালের আশঙ্কা রয়েছে এমন এলাকাগুলিতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যাতে ভোটের আগে কিংবা ভোটগ্রহণের দিন কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ বিশেষ নজর রাখছে।
তিনি আরও জানান, আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন নির্বাচনী এলাকায় সংশ্লিষ্ট থানার উদ্যোগে নিয়মিত ফ্ল্যাগ মার্চ করা হচ্ছে। এর মাধ্যমে একদিকে যেমন সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে, অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রস্তুতি ও সক্রিয়তার বিষয়টিও স্পষ্ট করা হচ্ছে।
উল্লেখ্য, শুক্রবারের বৈঠকটি পশ্চিম জেলা পর্যায়ের হলেও আলোচনার কেন্দ্রে ছিল আগরতলা পুর নিগমের নির্বাচন। কারণ, মোহনপুর, রানিরবাজার ও জিরানিয়ায় বিরোধী দলের কোনও প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় ওই এলাকাগুলিতে বিজেপি মনোনীত প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে নির্বাচনী লড়াইয়ের মূল আকর্ষণ এখন আগরতলা পুর নিগমকে ঘিরেই।
আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে পুর নিগমের ভোটগ্রহণ। এই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলির প্রচার যেমন তুঙ্গে উঠেছে, তেমনই প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছেও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা। বিশেষ করে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও সংঘাতের অভিযোগ সামনে আসায় নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সব মিলিয়ে, ভোটের আগে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে মাথাচাড়া দিতে না পারে, সেই লক্ষ্যেই প্রশাসনিক স্তরে সমন্বয় ও নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হচ্ছে। এখন দেখার, কমিশন ও প্রশাসনের এই তৎপরতা আগামী ২৭ নভেম্বর আগরতলা পুর নিগমের নির্বাচনকে কতটা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে সক্ষম হয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ